আদালতের নির্দেশের অবমাননা করায় এবার রাজ্য পুলিশের ডিজি, ঝাড়গ্রামের এসপি, অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। নেতাই যাওয়ার পথে বাধা দেওয়া হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সেই কারণেই এনাত এই তিন আধিকারিককে শোকজ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৮ই জানুয়ারি ঝাড়গ্রামের নেতাই গ্রামে গণহত্যা কাণ্ডে নিহতদের শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু গ্রামে ঢোকার ২০ কিলোমিটার আগেই তাঁকে আটকানো হয়। ডিজি, ঝাড়গ্রামের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশেই শুভেন্দুর রাস্তা আটকানো হয়েছিল বলে খবর। এর জেরে সেই সময় ফিরে আসতে হয় নন্দীগ্রামের বিধায়ককে।
সূত্রের খবর অনুযায়ী, ২০২১ সালে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে হাজির হন। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় যে রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের যে কোনও প্রান্তে যেতে পারেন। আর তাঁর প্রয়োজনীয় নিরাপত্তা দেবে রাজ্যই।
কিন্তু নেতাই যাওয়ার পথে আদালতের নির্দেশের উল্টো ঘটনা ঘটে। এর জেরে আদালতের নির্দেশের অবমাননা করা হয়েছে। সেই কারণেই এবার ডিজি, পুলিশ সুপারের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট।
আদালত সূত্রে খবর, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, ঝাড়গ্রামের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়। সেই মামলাযতেই এবার তাঁদের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। আগামী ৩০শে জুলাই বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে জবাব দেওয়ার জন্য তাদের হাজিরা দিতে বলা হয়েছে।





