ফের চাঞ্চল্য! নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তিপ্রসাদ সিনহার ফ্ল্যাট থেকে উদ্ধার টাকার পাহাড়, দেড় কেজি সোনা, মিলল চাকরিপ্রার্থীদের তালিকাও

গত বছর অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাটের পর এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে (recruitment scam) ধৃত শান্তিপ্রসাদ সিনহার (Shanti Prasad Sinha) ফ্ল্যাট থেকেও উদ্ধার হল টাকার পাহাড়। এসএসসি-র প্রাক্তন উপদেষ্টার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা (money) ও সোনার গয়নাও। আজ, বুধবার সন্তোষপুরে এসপি সিনহা-র একটি ফ্ল্যাটে হানা দেন সিবিআই আধিকারিকরা।

সেই ফ্ল্যাটে তল্লাশি চালিয়েই উদ্ধার হয় দেড় কেজি সোনার গয়না পাশাপাশি ৫০ লক্ষ টাকা। শুধু তাই-ই নয়, সম্পত্তি ও নিয়োগ সংক্রান্ত নথিও মিলেছে। ১৫০০ চাকরিপ্রার্থীর নামের তালিকাও উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। জানা গিয়েছে, বাইপাসের ধারের এই ফ্ল্যাটটি বেনামে কিনেছিলেন শান্তিপ্রসাদ সিনহা। সেই খবর পেয়ে এদিন সেখানে হানা দিয়েছে সিবিআই। 

একাদশ-দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগ দুর্নীতির কারণে আগেই সিবিআই গ্রেফতার করেছিল এসপি সিনহাকে। তাঁকে জেরা করে আরও নানান তথ্য মিলেছে বলে খবর। অভিযোগ, এজেন্ট বা সাব-এজেন্টরা যে টাকা তুলেছে, তার বেশীরভাগই যেত এসএসসি প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহার কাছে। আর সেই টাকা দিয়েই তিনি বিপুল সম্পত্তি কিনেছিলেন। সেই খবরের ভিত্তিতেই এদিন অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা।

উল্লেখ্য, এর আগেও এসপি সিনহার সার্ভে পার্কের বসত বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছিল সিবিআই। কিন্তু সেই তল্লাশি অভিযানগুলিতে সেভাবে কিছু মেলেনি। এসপি সিনহা ছাড়াও উদদেষ্টা কমিটিতে আরও যারা ছিলেন তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদেই বাইপাসের ধারের এই বাড়িটির কথা উঠে আসে। এরপরই সেখানে হানা দেন তদন্তকারীরা। তবে কেউই অনুমান করতে পারেন নি যে সেখানে এই বিপুল পরিমাণ সম্পত্তি থাকতে পারে।

বলে রাখা ভালো, এর আগে গত বছরের জুলাই মাসে নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছিল ৫০ কোটি টাকা ও সোনার গয়না। এবার তেমনই ছবি দেখা গেল এসপি সিনহার ফ্ল্যাটেও।

RELATED Articles