থ্রেট কালচারে অভিযুক্তদের ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলার জের! মানহানি মামলার নোটিশ জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে

থ্রেট কালচার কথাটি গত আড়াই মাসে বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর পর এই থ্রেট কালচার বিষয়টি সামনে আসে। এরপরই এই নিয়ে নানান বিতর্ক শুরু হয়। এই থ্রেট কালচারে অভিযুক্তদের নটোরিয়াস ক্রিমিনাল বলার জেরে এবার জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে খবর।  

আর জি করের ঘটনার জেরে উত্তাল গোটা রাজ্য। চলছে প্রতিবাদ-আন্দোলন। নানান আন্দোলন, কর্মসূচি, দীর্ঘদিন ধরে কর্মবিরতি করেছেন জুনিয়র চিকিৎসকরা। ১৭ দিন ধরে চলেছে অনশনও। সমস্যার সমাধানে গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে নবান্নে বৈঠক করেন।

সেই বৈঠকেই তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার ন্যায় বিচারের দাবী থেকে শুরু করে মেডিক্যাল কলেজে থ্রেট কালচার, আর জি করের দুর্নীতি নানান বিষয়ে জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর কাছে। সেখানেই আর জি করের থ্রেট কালচারে অভিযুক্ত ৫৩ জনকে সাসপেন্ড করা নিয়ে প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন প্রশাসনকে না জানিয়ে কোনও তদন্ত না করে তাদের সাসপেন্ড করা হল, সে বিষয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। সেই সময় জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, যাদের সাসপেন্ড করা হয়েছে, তারা ‘নটোরিয়াস ক্রিমিনাল’। তাদের বিরুদ্ধে তদন্ত করেই তাদের সাসপেন্ড করা হয়েছে। এবার তাঁর সেই মন্তব্য নিয়ে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে  বলে খবর।

আদালতের রায়ে আপাতত থ্রেট কালচারে অভিযুক্তদের সাসপেনশন স্থগিত রয়েছে। আর এই রায়ের পরই অনিকেতের বিরুদ্ধে পদক্ষেপ করলেন জুনিয়র চিকিৎসক অতনু বিশ্বাস। জানা গিয়েছে, অনিকেতের সেই মন্তব্যের কারণে তাঁকে মানহানি মামলার নোটিশ পাঠানো হয়েছে। তিনদিনের মধ্যে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ চেনা সেই ভিড় নেই! বৃষ্টির মধ্যেই ১৪ ঘণ্টা পর ট্রেন পরিষেবা শুরু হাওড়া-শিয়ালদহ শাখায়, শুরু বিমান পরিষেবাও

আইনি নোটিশে লেখা, “তিনদিনের মধ্যে সমাজমাধ্যমে ক্ষমা না চাইলে মানহানির মামলা করব। নবান্নের সরকারি বৈঠকে সেদিন মুখ‌্যমন্ত্রী, মুখ‌্যসচিব, শীর্ষ পুলিশকর্তাদের উপস্থিতিতে কোনও তথ‌্যপ্রমাণ ছাড়াই আমাদের ৫৩ জনকে ‘নটোরিয়াস ক্রিমিনাল’ ও শ্লীলতাহানিকারী বলে কালিমালিপ্ত করেছেন। উনি তিনদিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে হাই কোর্টে মানহানির মামলা করা হবে”। এই বিষয়ে যদিও এখনও অনিকেতের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

RELATED Articles