এর আগে সেখানেই তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই ঘটনার ১৯ দিন পর ফের অ্যাকশন মোডে দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। আজ, বুধবার সাতসকালেই ফের সন্দেশখালির সরবেড়িয়ায় রেশন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি হানা দেয় ইডি। বাড়িতে তালা ঝোলানো থাকায় চাবিওয়ালা ডেকে সেই তালা ভেঙে বাড়িতে ঢোকেন তদন্তকারীরা।
এদিন শাহজাহানের বাড়ি তল্লাশি করতে যান ৮জন ইডি আধিকারিক। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় জওয়ানদের বিশাল বাহিনী। বাড়ির একটু দূরেই মোতায়েন করা বাহিনী। আগের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেই কারণে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পুলিশের সাহায্য নিয়েই এদিন তৃণমূল নেতার বাড়িতে হাজির হন ইডি আধিকারিকরা।
জানা গিয়েছে, ইডির তদন্তে সহযোগিতা করতে ঘটনাস্থলে রয়েছেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এসডিপিও, মিনাখাঁ, বসিরহাট জেলা পুলিশের বিশাল বাহিনী মোতায়েন রয়েছে সেখানে। গোটা তল্লাশির ঘটনার ভিডিওগ্রাফি করছে ইডি। রাজ্য পুলিশের পক্ষ থেকেও একটি ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, শাহজাহানের বাড়ি পুরোই খালি। কেউ নেই সেখানে। রেশন দুর্নীতি কাণ্ডের নথি পেতেই তাঁর বাড়িতে তল্লাশি ইডির। তবে সূত্রের খবর, এখনও পর্যন্ত তেমন উল্লেখযোগ্য কিছুই মেলেনি শাহজাহানের বাড়ি থেকে। জানা গিয়েছে, বাড়ির একটি আলমারির পাল্লা খোলা ছিল। বাকি আলমারিগুলিতেও জামাকাপড় ছা্ড়া কোনও নথি বা অন্য কিছু মেলেনি। এমনকী বাড়ির ভিতরে থাকা একাধিক সুটকেসের চেন খুলে দেখা যায়, সেগুলি ফাঁকা। ইডি আধিকারিকদের অনুমান, পালিয়ে যাওয়ার আগে যাবতীয় নথি সরিয়ে ফেলেছেন তৃণমূল নেতা। তবে আশা ছাড়ছেন না ইডি আধিকারিকরা। কোনও পোক্ত প্রমাণ পেতে চান তারা।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি এই শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে এসেই আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। তাদের উপর হামলা করে শাহজাহানের অনুগামীরা। মাথা ফেটেছিল তিন আধিকারিকের। ধাওয়া করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কোনওরকমে পালিয়ে বেঁচেছিলেন তারা। সেই ঘটনার ১৯ দিন পর সমস্ত পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে শাহজাহানের বাড়ি ফের তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।






