অমানবিক! ৯ কুকুরছানাদের জলে ডুবিয়ে মেরে ফেলল দম্পতি, কী ‘অপরাধ’ ছিল নিষ্পাপ অবলাদের?

দিনদিন নৃশংসতা বেড়েই চলেছে। খুন, নির্যাতন যেমন বাড়ছে, তেমনই বাড়ছে অবলাদের উপর অত্যাচারের ঘটনাও। এবার ৯  কুকুরছানাকে জলে ডুবিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়। অভিযোগ অস্বীকার অভিযুক্ত দম্পতির।

ঘটনাটি ঘটেছে লুবেড়িয়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে বাহিরতফা গ্রামে। সেখানেই কুকুরছানাদের ডুবিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। সারমেয়দের উপর অত্যাচার বা তাদের মেরে ফেলার ঘটনা নেহাতই কম নয়। এই নিয়ে বিক্ষোভও দেখান পশুপ্রেমীরা। কিন্তু এই ঘটনা কমার নয়। এক্ষেত্রে কী দোষ ছিল ওই ৯ অবলাদের? উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, সংশ্লিষ্ট গ্রামের গনেশ মণ্ডল ও জগবন্ধু মণ্ডলের বাড়ির মধ্যে একটি সারমেয় বাচ্চা প্রসব করেছিল। ৯টি ছানা হয়েছিল ওই কুকুরটির। গত বৃহস্পতিবার রাতে বাড়ির মালিক ওই কুকুরছানাগুলিকে একটি বস্তায় ভরেন। তারপর সেই বস্তাটি বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে ফেলে দেন বলে অভিযোগ।

শনিবার সকালে পুকুরে ভেসে ওঠে কুকুরছানাগুলি। এরপরই এই ঘটনার কথা চাউর হয় এলাকায়। বাড়ির মালিকের বিরুদ্ধে কুকুরছানাগুলিকে মেরে ফেলার অভিযোগ করেন এলাকাবাসীরা। পুলিশে অভিযোগ জানানো হয়। স্থানীয়রা, মৃত ছানাগুলিকে উদ্ধার করে অভিযুক্তের বাড়িতে বিক্ষোভ দেখায় বলে জানা গিয়েছে।

এই ঘটনার পর থেকেই অভিযুক্ত গনেশ ও জগবন্ধু মণ্ডল পলাতক বলে খবর। যদিও গনেশ মণ্ডলের স্ত্রী দেবশ্রী মণ্ডল এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর কথায়, “কুকুরটি কখন ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল জানি না। আমরা একটি ঘরের মধ্যে বাস করি। তাই কুকুর বাচ্চাগুলোকে রাস্তার ধারে রেখে এসেছিল। কোনও পুকুরে ফেলা হয়নি। গ্রামের মানুষ মিথ্যা অভিযোগ করছে”। এই ঘটনার তদন্ত করছে পুলিশ।

RELATED Articles