আর জি করের ঘটনায় রাজ্যে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। সরকারি হাসপাতালে নিরাপত্তার দাবী নিয়ে বারবার সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার থেকে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। এরই মধ্যে এবার চিকিৎসকদের বিরুদ্ধেই উঠল গুরুতর অভিযোগ। ভুল চিকিৎসার জেরে রোগী মৃত্যুর অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে। এই ঘটনায় হাসপাতালে এবার ধর্না মৃতার পরিবারের।
জানা গিয়েছে, মৃতার নাম ইসরাত জাহান। দুর্গাপুরের বেনাচিতির মসজিদ মহল্লা এলাকার বাসিন্দা তিনি। গত শুক্রবার সন্তান প্রসবের জন্য ওই মহিলাকে দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাঁর পরিবার। সন্তান প্রসবের জন্য সিজার করা হয় তাঁর। সন্তান সুস্থ থাকলেও পরবর্তীতে মৃত্যু হয় ওই মহিলার।
মৃতার পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার ফলেই মৃত্যু হয়েছে প্রসূতির। তাদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় ভুল করে মূত্রথলি কেটে দেওয়া হয় ওই মহিলার। আর এর জেরেই শনিবার সন্ধ্যেয় মৃত্যু হয় ইসরাতের। পরিবারের দাবী, অস্ত্রোপচারের পর থেকেই প্রসূতির সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি পরিবারকে। ক্রমেই শারীরিক ইবস্থার অবনতি ঘটতে থাকে ওই মহিলার।
পরিবারের তরফে জানানো হচ্ছে, মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের তরফে তাদের জানানো হয় যে ইসরাতের কিডনি ফেল করেছে, সুগার-প্রেসার বেড়ে গিয়েছে। পরিবারের অভিযোগ, প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছিল ইসরাতের। সেকথা চিকিৎসক-নার্সদের জানানো হলেও তারা কোনও গুরুত্ব দেন নি। এরপরই শনিবার মৃত্যু হয় প্রসূতির।
পরিবারের দাবী, তাদের মেয়ে ভালো ছিল। শুক্রবার হেঁটেই হাসপাতালে এসেছিলেন তিনি। কিন্তু চিকিৎসকদের ভুল চিকিৎসার জেরেই মৃত্যু হয়েছে ইসরাতের। মৃতার মায়ের দাবী, ভুল চিকিৎসা করে তাঁর মেয়েকে মেরে ফেলা হল কেন? মৃতার আরও দুই সন্তান রয়েছে। তাদের কী হবে এবার।
এই ঘটনায় রাত থেকেই হাসপাতালে ধর্নায় বসেছেন মৃতার পরিবারের লোকজন। থানায় অভিযোগ দায়ের করেছেন তারা। হাসপাতাল চত্বরে পরিস্থিতি উত্তাল হলে তা সামাল দেওয়ার জন্য আসে দুর্গাপুর থানার পুলিশ ও কমব্যাট ফোর্স। মৃতার পরিবারের দাবী, যে চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ, তাদের শাস্তি না হলে ধর্না উঠবে না।





