‘গুলি-বোমা, দুষ্কৃতী যদি নাই থাকে, তাহলে তো পুলিশ-আদালত সব উঠে যাবে’, রাজ্যে পরপর গুলি চলার ঘটনায় মন্তব্য ফিরহাদের

ঝালদা থেকে শুরু করে পানিহাটি, তিলজলা, রিজেন্ট পার্ক – বিগত কয়েকদিনে রাজ্যের নানান প্রান্ত থেকে শুটআউটের খবর উঠে এসেছে। এই গোলাগুলিতে কারোর প্রাণ গিয়েছে, আবার কেউ বা গুরুতর আহত হয়েছেন। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে একাধিকবার সরব হয়েছেন বিরোধীরা। আজ, শনিবারই রাজ্য সরকারকে বেশ কড়া ভাষাতেই শানিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। এবার রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম এই গুলি চলার ঘটনায় বিস্ফোরক মন্তব্য করে বললেন যে গুলি-বোমা, দুষ্কৃতী যদি নাই থাকে, তাহলে তো পুলিশ-আদালত সব উঠে যাবে।

এদিন ফিরহাদ হাকিমের মন্তব্য, “একটা, দু’টো ঘটনা হতেই পারে। আমরা তো বারবারই সে কথা বলি। যদি এমন হয় কোথাও গুলি চলবে না, কোনও দুষ্কৃতী থাকবে না, তা হলে তো পুলিশই উঠে যাবে। তা হলে তো আদালতই উঠে যাবে। অন্য রাজ্যের তুলনায় অনেক ভাল আছি আমরা”।

অন্যান্য রাজ্য বিশেষত বিজেপি শাসিত রাজ্যকে কটাক্ষ করে ফিরহাদ বলেন, “বিহার, উত্তরপ্রদেশ থেকে শার্প শুটার আসবে না, গুলি আসবে না, বোমা আসবে না সেভাবে সীমানা আটকানো যায় নাকি দেশের মধ্যে? দেশের সীমান্তে যেভাবে তল্লাশি করি দেশের ভিতর রাজ্যগুলির সীমানায় তা কি করা যায়? তাই এগুলি হবেই। তবে আমরা নজরদারি চালাচ্ছি। পুলিশও যথাযথ ব্যবস্থা নিচ্ছে। যাতে এই সাহসটা আর কেউ না পায়”।

ফিরহাদের এই মন্তব্যে পাল্টা শমীক ভট্টাচার্য বলেন, “সংবিধানের শপথ নেওয়া একজন মন্ত্রী যখন এ কথা বলেন, তা বুঝিয়ে দেয় আইনের শাসন কোথায় গিয়ে পৌঁছেছে” সাধারণ মানুষের তা বুঝতে কোনও অসুবিধা নেই। উনি ঠিকই তো বলেছেন, বিহার উত্তর প্রদেশ থেকে অস্ত্র আসছে”।

এরপরই তাঁর সংযোজন, “আসলে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা এখন এতটাই কড়া, শার্প শুটার হয় রাজ্যের বাইরে কিংবা জেলে বা স্বর্গবাসী হয়েছেন। পুলিশ সেভাবেই ব্যবস্থা নিয়েছে। কিন্তু সেই অস্ত্রগুলোয় তো জং ধরে যাচ্ছে। ওখানে ব্যবহার করা যাচ্ছে না। পরিত্যক্ত বোমা গুলি বন্দুক হয়ত ওখান থেকে আসছে। তৃণমূল তো প্রার্থীও আনছে। আসানসোলে তো দেখাই গেল”।

ইতিমধ্যেই নানান মহলে ফিরহাদের এমন মন্তব্যের নিন্দা করা হয়েছে। অনেকের কথাতেই, ফিরহাদ একজন রাজ্যের মন্ত্রী। তিনি যদি পুলিশকে আরও কড়া হওয়ার কথা বলতেন বা পুলিশকে আরও বেশি কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলতেন, তাহলে হয়ত কিছু কাজ হতে পারত। তিনি যে পুলিশ, আদালত উঠে যাওয়ার কথা বলেছেন, তা বিস্ফোরক, এমনটাই দাবী কিছু মহলের।

RELATED Articles