ছেড়েছেন সাংসদ পদ, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রতিবাদ মিছিলে সামিল হবেন তৃণমূলত্যাগী জহর সরকার, দাবী তুলবেন ন্যায় বিচারের

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড়। দিকে দিকে চলছে প্রতিবাদ-আন্দোলন। সকল স্তরের মানুষ রাস্তায় নেমেছেন ন্যায় বিচারের দাবীতে। নানান প্রান্তে মিছিল করছে নানান সংগঠন। এবার জুনিয়র চিকিৎসকদের মহামিছিলে সামিল হবেন তৃণমূল সাংসদ পদ ত্যাগ করা জহর সরকার।

আজ, মঙ্গলবার বিকেল ৫টায় কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত রাস্তা দখল করবে একাধিক সংগঠন। সকলের স্লোগান, ‘লক্ষ কণ্ঠে রাজপথে, সব প্রতিবাদ একসাথে’। এদিনের এই মহামিছিলে যোগ দেবেন চিকিৎসক সংগঠন থেকে শুরু করে ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান সমর্থকরা। রিকশাচালক, যৌনকর্মী, যাদবপুর-প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরাও থাকবেন এই মিছিলে। দেবীপক্ষ শুরুর আগে পথে নামছেন প্রায় পঞ্চাশটি গণসংগঠন। 

এই মহামিছিলেই যোগ দেবেন তৃণমূলত্যাগী জহর সরকার, এমনটাই খবর। আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন জহর সরকার। সরকারের দুর্নীতি নিয়েও মুখ খুলেছিলেন তিনি। নিজের অসন্তোষের কথা ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন জহর সরকার।  

সেই চিঠিতে তিনি লিখেছিলেন, “মাননীয়া মহোদয়া, বিশ্বাস করুন এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি, এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশিশক্তির আস্ফালন। আমার এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনও দেখিনি”।

আরও পড়ুনঃ ‘মেয়ের খুনিরা এখনও বুক চিতিয়ে হাসপাতালেই ঘুরে বেড়াচ্ছে’, সুপ্রিম শুনানির পর ক্ষোভ উগড়ে দিলেন ‘তিলোত্তমা’র মা-বাবা 

এরপরই পদত্যাগ করেন জহর সরকার। দীর্ঘদিন ধরেই তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তিনি। এই প্রাক্তন আমলা এর আগে কেন্দ্র ও রাজ্য সরকারের নানান গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন। প্রসার ভারতীর সিইও ছিলেন তিনি। এবার তাঁকে দেখা যাবে জুনিয়র চিকিৎসকদের মিছিলে।  

RELATED Articles