‘মেয়ের খুনিরা এখনও বুক চিতিয়ে হাসপাতালেই ঘুরে বেড়াচ্ছে’, সুপ্রিম শুনানির পর ক্ষোভ উগড়ে দিলেন ‘তিলোত্তমা’র মা-বাবা

কেটে গিয়েছে ৫০ দিনেরও বেশি। কিন্তু এখনও আসল দোষী ধরা পড়ে নি। তদন্ত কীভাবে এগোচ্ছে, তা নিয়েও কোনও হদিশ নেই। এবার এমন অবস্থায় ক্ষোভ উগড়ে দিলেন আর জি করের মৃতা তরুণী চিকিৎসকের মা-বাবা। তাদের কথায়, এখনও মেয়ের খুনিরা হাসপাতালে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে।  

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। ফের কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। তিলোত্তমার ন্যায় বিচারের পাশাপাশি সরকারি হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবী তাদের। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মারধরের ঘটনায় ফের উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। গতকাল, সোমবার সুপ্রিম কোর্টে শুনানির পর বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। এরপরই পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নেন তারা।   

জুনিয়র চিকিৎসকদের এই ঘটনার প্রসঙ্গও উঠে আসে তিলোত্তমার মা-বাবার কথায়। নির্যাতিতার বাবা বলেন, “আমার মেয়ের সঙ্গে হওয়ার ঘটনার পরেও দু-তিনটি ঘটনা ঘটেছে। সাগরদত্তে যে ঘটনা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। পড়াশোনার সঙ্গে জুনিয়র ডাক্তাররা রোগীদের চিকিৎসা করে সরকারি পরিষেবা দেন। তাই তাদের নিরাপত্তা বিষয়টি সরকারের অবশ্যই দেখা উচিত। হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নয়ন করা উচিত”। তিনি এও জানান, সিপ্রিম কোর্ট ও  সিবিআইয়ের প্রতি আস্থা রয়েছে তাঁর। বলেন, “কিছু একটা হবে আশা করছি”।

একইসঙ্গে ক্ষোভ প্রকাশ করে অসহায় বাবা বলেন, “যারা মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে তাঁরা এখনও বুক চিতিয়ে হাসপাতাল চত্বরেই ঘোরাঘুরি করছে”।

আরও পড়ুনঃ দলের একের পর এক কোপ, এবার রাজন্যাকে অপসারণ করা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট থেকেও

একইসঙ্গে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমর্থন জানিয়ে তাঁর সংযোজন, “জুনিয়র ডাক্তাররা যে যুক্তিতে কর্মবিরতি করছে, সেটা কি অন্যায়? এটাই আমার প্রশ্ন। ন্যায়সঙ্গত কারণেই তাঁরা আন্দোলন করছেন। নিরাপত্তা না থাকার কারণেই তো আমার মেয়ের এইরকম পরিণতি হল। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে তারজন্যই তো ডাক্তারদের এই আন্দোলন”।

RELATED Articles