জোড়া ঘূর্ণাবর্তের ফলায় বাংলা, নিম্নচাপের জেরে ফের প্রবল বৃষ্টিতে ভিজবে রাজ্য, পুজোতেও কী কাকভেজা হয়েই ঠাকুর দেখবে শহরবাসী?

দুর্গাপুজোর আর বেশিদিন দেরি নেই। দিকে দিকে চলছে প্রস্তুতি। চলছে দেদার শপিংও। ভাদ্রমাসে বেশ বৃষ্টি হওয়ার কারণে সেভাবে কেনাকাটা হয়নি। ফলে আশ্বিন মাস পড়তেই দোকানে দোকানে ভিড়। কিন্তু এরই মধ্যে ফের আশঙ্কার খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ফের ভেস্তে যেতে পারে পুজোর শপিংয়ের প্ল্যান!

হাওয়া অফিসের তরফে আগেই জানানো হয়েছিল, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় যে জোড়া ঘূর্ণাবর্ত ছিল তা আজ, মঙ্গলবার নিম্নচাপে পরিণত হবে। এই পূর্বাভাসই সত্যি হল। মঙ্গলবার সকাল থেকে কলকাতায় শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। আকাশ মেঘলা। তবে জলীয় বাষ্প বেশি থাকায় বজায় রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় আবার ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল, বুধবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। আবার বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, ও বীরভূমে। এছাড়াও বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিংয়ের পার্বত্য এলাকা-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানাল হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।

আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬৯ থেকে ৯১ শতাংশ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles