Nadda’s Bengal Visit: মমতা সবসময় বলেন হবে না, মে মাসের পর সব হবে! বাংলায় নতুন সরকার গঠনের অঙ্গীকার জে পি নাড্ডার

পূর্ব বর্ধমানের সভায় দাঁড়িয়ে রাজ্য সরকারকে আজ তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিনের সভায় রাজ্যে পদ্ম ফোটানোর অঙ্গীকার করলেন নাড্ডা। তাঁর দাবী বাংলার মানুষ পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছে। কৃষকদের নিয়েই এই রাজ্যে নতুন করে আবার পরিবর্তন আসবে বলে দাবী তাঁর।

জানা গিয়েছে আগামী ২৪ থেকে ৩১শে জানুয়ারি  রাজ্যে কৃষক ভোজন করানো হবে। এর সময় ৪০ হাজার কৃষকদের সংগঠিত করা হবে। এদিন নাড্ডা দাবী করেন যে বিজেপি রাজ্যে সরকার গড়ে কেন্দ্রের কৃষি সম্মান নিধি যোজনা লাগু করবে। এও বলেন যে মোদী কৃষকদের বাজেট ৬ গুন বাড়িয়েছেন।

এদিন সভা থেকে নাড্ডা বলেন, “বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের উন্নয়ন করা হবে। তিন কৃষি আইনে কৃষকরা উপকৃত হবেন। কৃষিতে রোজগারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ২৪ নম্বরে রয়েছে। বাংলায় জলের অভাব না থাকা সত্ত্বেও সেচ জমি কম। ৪ কোটি ৬৭ লক্ষ মানুষকে কেন্দ্র প্রদত্ত স্বাস্থ্যবীমা নিতে দেননি মমতা”।

এরপর রাজ্য সরকারকে সরাসরি দেগে তিনি বলেন করোনা কালে কেন্দ্রের দেওয়া রেশন চুরি করেছে তৃণমূল। শাসকদলকে চাল চোর, ত্রিপল চোর বলেও দাগেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি এও বলেন যে মমতা সবসময় বলেন হবে না হবে না, কিন্তু নাড্ডার দাবী মে মাসের পর সব হবে।

এদিন তৃণমূলকে আক্রমণ করে নাড্ডা আরও বলেন যে “মোদীর দেওয়া প্রকল্পের নামও চুরি করেন মুখ্যমন্ত্রী। নাম বদলে দিলে মোদীর গ্রহণযোগ্যতা কমানো সম্ভব নয়”।

এদিন বর্ধমানে নাড্ডার কর্মসূচী উপলক্ষ্যে পদ্ম পতাকায় ছয়লাপ সংশ্লিষ্ট শহর। চারিদিকে লাগানো হয়েছে নাড্ডা বিশালাকার ফ্লেক্স ও ফেস্টুন। আইনশৃঙ্খলাও বেশ আঁটসাঁটও। গতবার নাড্ডার কনভয় হামলা ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই কারণে পুলিশি নিরাপত্তায় বেশ কড়াকড়ি করা হয়েছে। এদিন একঝাঁক কর্মসূচীর ফাঁকেই জগদানন্দপুরে এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন নাড্ডা। সূত্রের খবর অনুযায়ী, আজ নাড্ডার পাতে ছিল ভাত, লেবু, শাক, বেগুন ভাজা, আলুভাজা, পাঁচমিশালি তরকারি, সবজি দিয়ে ডাল, ফুলকপির তরকারি, চাটনি, পায়েস। কৃষকের স্ত্রী নিজের হাতে রান্না করেন বিজেপির সর্বভারতীয় সভাপতির জন্য।

এদিন নাড্ডার রাজ্য সফর নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, দিল্লি থেকে কয়েক কিলোমিটার দূরে কৃষকেরা আন্দোলন করছেন। সেখানে যাওয়ার সময় পাননি। এখানে নাড্ডা নাকি কৃষি সুরক্ষা অভিযানের আড়ালে বেড়াতে এসেছেন।

RELATED Articles