মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সৌরভের! আইপিএল নিয়ে আলোচনা নাকি রাজনীতিতে পদার্পণ দাদার? স্পষ্ট করলেন খোদ মমতাই

আজ, বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই সাক্ষাৎ নিয়ে শুরু হয় বেশ জল্পনা। তবে মুখ্যমন্ত্রী নিজেই স্পষ্ট করে দেন যে রাজনীতি নিয়ে বা আইপিএল নিয়ে তাদের মধ্যে কোনও আলোচনা হয়নি।

মমতা জানান, নতুন স্টেডিয়াম তৈরির জন্য রাজ্য সরকার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে অর্থাৎ সিএবি-কে যে জমি দিয়েছিল, তা নিয়ে আলোচনা করতে এদিন এসেছিলেন সৌরভ।

এদিন সাংবাদিক বৈঠকের শেষের দিকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয় যে সৌরভের সগে কী আইপিএল নিয়ে কোনও আলোচনা হয়েছে? এর উত্তরে মমতাআ বন্দ্যোপাধ্যায় বলেন, “না, না, না। এসব নিয়ে কোনও কথা হয়নি। স্টেডিয়াম করার জন্য সিএবিকে একটা জমি দেওয়া হয়েছিল। কিন্তু ওখানে জলাভূমি থাকায় একটু সমস্যা আছে। কোনও বিকল্প জমি দেওয়া যায় কিনা, সেটা বলতেই ও এসেছিল। সেটা আমরা ভাবছ”।

তিনি আরও বলেন, “রাজনীতি নিয়েও সৌরভের সঙ্গে কোনও কথা হয়নি। আমরা শুধু কিছুক্ষণ গল্প করেছি”।

এদিন মমতার সঙ্গে সৌরভের সাক্ষাৎ নিয়ে বেশ জল্পনা শুরু হয়। এক সূত্র থেকে দাবী করা হয় যে ইডেন গার্ডেনস-এ আইপিএল-এর প্লে-অফ হবে। তাই হয়ত ম্যাচ আয়োজন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্যই সৌরভ দেখা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। আবার অন্য এক মহল থেকে দাবী করা হয় যে ফের কী রাজনীতির অন্দরে সৌরভকে নিয়ে আলোচনা শুরু হচ্ছে? তবে শেষ পর্যন্ত সব জল্পনা উড়িয়ে আসল সত্যি বলেই দিলেন খোদ মুখ্যমন্ত্রীই।

RELATED Articles