ছোট্ট ২ বছরের শিশুকে বেধড়ক মারধর মায়ের, কিল-চড়-লাথি, প্রতিবেশীরা প্রতিবাদ করলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, ভয়ংকর ভিডিও

ছোট্ট বছর দুয়েকের শিশুপুত্রকে বেধড়ক মারধর মায়ের। অঝোরে কেঁদে চলে শিশুটি। কিন্তু সেই কান্নার আওয়াজ যেন মায়ের কানেই গিয়ে পৌঁছয় না। মারধরের এমন ভয়ংকর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি ঘটেছে দত্তপুকুরে। জানা গিয়েছে, এই ঘটনায় দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতিবেশীরা। কিন্তু তাঁদের দাবী তাতেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি।

দত্তপুকুর থানার দিঘড়া বড় বাগান এলাকায় থাকে ২ বছরের ওই ছোট্ট শিশুটি। তার উপরই অমানবিক অত্যাচার করার অভিযোগ উঠেছে শিশুটিরই মায়ের বিরুদ্ধে। মারধর, শারীরিক নিগ্রহের অভিযোগ। পা দিয়ে লাথি, কিল, চড়, ঘুঁষি কিছুই বাদ নেই বলে অভিযোগ প্রতিবেশীদের। মারধরের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী, তারা যদি এই ঘটনার প্রতিবাদ করতে যান, তাহলে তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন ওই শিশুর মা। তাদেরকেও মারধরের হুমকি দেন তিনি, এমনও অভিযোগ প্রতিবেশীদের।

প্রতিবেশীরা জানান যে এই ঘটনা নিয়ে একাধিকবার তারা পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনও কাজ হয়নি। তাদের অভিযোগ, শিশুটির ঘুমনোর সময় বাদ দিলে, বাকি সব সময় শিশুটিকে মারধর করেন ওর মা। শিশুটিকে বাড়ির বাইরে পর্যন্ত বেরোতে দেওয়া হয় না বলে জানান প্রতিবেশীরা।

RELATED Articles