‘মমতা হিজাব পরে নিজের সরকারি মুখটা ঢাকার চেষ্টা করছেন’, মুখ্যমন্ত্রীকে তীব্র তোপ দাগলেন মহম্মদ সেলিম

বিমান বসু (Biman Basu) ৮৩ বছর বয়সেও মাইলের পর মাইল হাঁটতে পারলেও, গতকাল, শুক্রবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammad Salim) যা করে দেখালেন, তা এক প্রকার দৃষ্টান্ত বলা যেতে পারে। বেশ খানিকটা উঁচু ব্যারিকেডে অনায়াসে উঠে পড়লেন তিনি। লাফিয়ে নেমে মিছিল নিয়ে এগিয়ে গেলেন। তাঁর মধ্যে শরীরী আগ্রাসন বেশ বোঝা যাচ্ছিল বটে। আর পুরনো মেজাজেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) শানালেন মহম্মদ সেলিম।

এদিন সেলিম বলেন, “চোর, ডাকাত, লুঠেরারা চুরি বা লুঠ করে নিজেদের জন্য। আর সামনে রাখে ধর্মের বর্ম। ওদিকে বিজেপি এই কাজ করছে। আদানি-আম্বানির সম্পদ বাড়ছে, গরিব মানুষ আরও গরিব হচ্ছে। এদিকে মমতা হিজাব পরে নিজের সরকারি মুখটা ঢাকার চেষ্টা করছেন”।

এর পাল্টা তৃণমূলের মুখপাত্র বলেছেন, “বাম জমানায় সংখ্যালঘুদের অবস্থা কী ছিল, তা সাচার কমিটির রিপোর্টে বেআব্রু হয়ে গিয়েছিল। সুতরাং সেলিম সাহেবরা যত মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এসব বলবেন মানুষের মনে ফিরে ফিরে আসবে ওঁদের সময়কার দুঃস্বপ্ন”।

এর আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ সেলিম বলেছিলেন যে দল জঙ্গি আন্দোলনকে উৎসাহিত করবে। কোনও ভাবেই পিছন থেকে টেনে ধরা হবে না। আর এদিন দেখা গেল নিজেই ব্যারিকেড টপকে পার হলেন প্রাক্তন মন্ত্রী।

এদিন পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে জলপাইগুড়ি জেলা পরিষদ দফতর অভিযানের ডাক দেয় জেলা সিপিএম। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য জলপাইগুড়ি গিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক। সেখানে তিনি আরও বলেন, “আজকে উত্তরবঙ্গের মানুষের কাছে লজ্জা এই যে, প্রথম কোনও উপাচার্য হিসেবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিসি এসএসসি দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন”।

এদিন ফের একবার শ্রীলঙ্কা মডেল নিয়ে কথা বললেন মহম্মদ সেলিম। তাঁর কথায়, মানুষ যখন ক্ষেপে যায়, তখন কোনও পুলিশ, জলকামান, লাঠি, মিলিটারি কাজ করে না। আমজনতা কীভাবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ভবনের দখল নিয়েছিল শ্রীলঙ্কাতে, তা সকলে দেখেছে।

RELATED Articles