গরু পাচারকাণ্ডে এবার মিলল বিদেশী মুদ্রার যোগ, লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত-কন্যাকে নোটিশ সিবিআইয়ের, সময় চাইলেন সুকন্যা

গরু পাচার কাণ্ডে (cattle smuggling case) এবার বিদেশী মুদ্রার যোগ। সেই বিষয়ে বিস্তারিত জানতে এবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mandal) নোটিশ পাঠাল সিবিআই (CBI)। আবার অন্য একটি নোটিশে সুকন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলেও জানা গিয়েছে। এর জন্য সুকন্যা কিছুটা সময় চেয়েছেন বলে খবর।

গতকাল, শুক্রবার সকালে বোলপুরের ক‌্যাম্প অফিস থেকে সিবিআইয়ের একটি দল যায় বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে। সেখানে সুকন‌্যা মণ্ডলকে ৯১ সিআরপিসি-তে নোটিশ দেওয়া হয় বলে জানা গিয়েছে। সেই নোটিশে সুকন‌্যার ব‌্যবসা ও তাঁর সংস্থা বা কোম্পানির যাবতীয় নথি চেয়ে পাঠানো হয়েছে। তাঁর ব্যাঙ্কের নথিও দেখতে চেয়েছে সিবিআই। যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা ঢুকেছে বলে সূত্র পেয়েছে সিবিআই, সেই ব্যাঙ্কের আধিকারিককে ডেকে অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হয়েছে বলেও জানা গিয়েছে।

এদিন অনুব্রত মণ্ডলের প্রাক্তন পরিচারক জ্যোতির্ময় দাসকে নোটিশ দিয়ে তলব করে সিবিআই। ওই ব্যক্তি অনুব্রতর বাড়িতে রাঁধুনির কাজ করতেন। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও অনুব্রত মণ্ডল বেনামে টাকা রেখেছিলেন বলে খবর। সিবিআই এমনই তথ্য পেয়েছে। প্রায় ঘণ্টা দুয়েক ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।

সিবিআই সূত্র থেকে জানা গিয়েছে, অনুব্রতর মেয়েকে নোটিশে হাজিরার নির্দেশ দেওয়া হয়নি। তিনি অথবা তাঁর প্রতিনিধি বা মেলের মাধ্যমে বিদেশ থেকে আসা অ্যাকাউন্টের টাকার হিসাব অস্থায়ী শিবিরে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে। এই নোটিশের বিষয়ে তৃণমূল রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “এটি সম্পূর্ণ তদন্তের বিষয়। যিনি নোটিশ পেয়েছেন, তিনি ও তাঁর আইনজীবীরা বলতে পারবেন। আমার এই মুহূর্তে কোনও বক্তব‌্য নেই”।

সিবিআইয়ের সূত্র অনুযায়ী, গত এক বছরে সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কিছু বিদেশী মুদ্রা জমা পড়েছে যার মধ্যে বেশিরভাগই ডলার। গোয়েন্দাদের মতে, বাংলাদেশে গরু পাচারের টাকা ডলারে পরিবর্তিত করে তা সুকন্যার অ্যাকাউন্টে জমা করা হত। কয়েকদিন অন্তর অন্তর প্রচুর বিদেশী মুদ্রা জমা পড়েছে ওই অ্যাকাউন্টে। কত টাকা ও বিদেশী মুদ্রা কতদিনে ওই অ্যাকাউন্টে জমা পড়েছে, তাই-ই এখন পরীক্ষা করে দেখছে সিবিআই। বিদেশী মুদ্রার উৎসগুলি জানার চেষ্টা চলছে।

RELATED Articles