রবিবার ফের বাংলায় মোদীর ঝড়! বনগাঁ–আরামবাগে জোড়া জনসভা, বিকেলে উত্তর কলকাতায় মেগা রোড শো!শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। সেই আবহেই ফের একবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক দিনের ব্যবধানে আবারও তাঁর সফর ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। রবিবার কলকাতায় বড়সড় রোড শো-সহ একাধিক জনসভা রয়েছে তাঁর কর্মসূচিতে, যা নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ২৬ এপ্রিল রবিবার দুপুর থেকেই শুরু হবে প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচি। প্রথমেই তিনি যাবেন উত্তর ২৪ পরগনার বনগাঁয়। ঠাকুরনগরে দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ তাঁর প্রথম জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে দলীয় প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখবেন তিনি। এরপর সেখান থেকে সরাসরি হুগলির আরামবাগ মহকুমার হরিপাল এলাকায় পৌঁছবেন। বিকেল ৩টে ৪৫ মিনিট নাগাদ সেখানে দ্বিতীয় জনসভা করার কথা রয়েছে তাঁর।

এই দুই জনসভা শেষ করে বিকেলের দিকে কলকাতায় পৌঁছবেন প্রধানমন্ত্রী। শহরের উত্তরাংশে একটি বড় রোড শো করার পরিকল্পনা রয়েছে। শোভাবাজারের বিকে পাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে খান্না ক্রসিং পর্যন্ত এই মিছিল চলবে বলে জানা গিয়েছে। আনুমানিক বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এই কর্মসূচি চলতে পারে। কলকাতার বিজেপি প্রার্থীদের সমর্থনে এই রোড শো-কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর জেরে বিকেলের দিকে শহরের বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণের সম্ভাবনাও রয়েছে।

এর আগে শুক্রবারও রাজ্যে এসে প্রচার সেরেছিলেন নরেন্দ্র মোদী। পানিহাটিতে এক জনসভায় অংশ নিয়ে তিনি দলীয় কর্মীদের উজ্জীবিত করেন। সেই সভায় আরজি কর কাণ্ডে নির্যাতিতার মাকে পাশে রেখে বিজেপিকে জেতানোর বার্তাও দেন তিনি। এক দিনের ব্যবধানে ফের তাঁর রাজ্যে ফেরা, নির্বাচনের গুরুত্বই আরও স্পষ্ট করে দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।

আরও পড়ুনঃ বৈশাখের গরমে হাঁসফাঁস, দেখা নেই কালবৈশাখীর! দক্ষিণবঙ্গে রবিবার থেকেই হবে আবহাওয়া বদল, ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি পূর্বাভাস! অবশেষে স্বস্তির বার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের!

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, যেখানে প্রায় ৯২.৮৮ শতাংশ ভোট পড়েছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় বাকি ১৪২টি আসনে ভোট হওয়ার কথা। নির্বাচন কমিশন ইতিমধ্যেই কড়া নজরদারির ব্যবস্থা করেছে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এই পরিস্থিতিতে সব রাজনৈতিক দলই শেষ মুহূর্তের প্রচারে জোর দিচ্ছে। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরে সভা করছেন, তেমনই বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই ঘনঘন সফর রাজ্যের নির্বাচনী লড়াইকে আরও জমিয়ে তুলছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles