কিছুদিন আগেই গিয়েছে রামনবমী। সেদিন হাওড়ায় অশান্তির জেরে আপাতত রাজ্য বেশ উত্তাল। রামনবমীর সন্ধ্যায় হাওড়ার শিবপুরে ভাঙচুর করা হয় দোকানপাট, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। এরই মধ্যে ফের সামনে এল আরও এক বিতর্ক।
রাজ্য পুলিশ রাজ্য সরকারের কথামতোই কাজ করে। এমন অভিযোগ নতুন নয়। বিরোধীদের তরফে এমন অভিযোগ আগেও করা হয়েছে। এবার ফের একবার এমনই অভিযোগ উঠল বিনপুরের পুলিশের এসআইয়ের বিরুদ্ধে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি অডিও ক্লিপ শেয়ার করেছেন টুইটারে যা ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭।
এই অডিও ক্লিপটি শেয়ার করে শুভেন্দু দাবী করেছেন যে শিলদার ইন্দিরা চকে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যকে হুমকি দিয়েছেন বিনপুর থানার এসআই। অডিও ক্লিপে ওই পুলিশ আধিকারিককে বলতে শোনা গিয়েছে যে বজরংবলীর পতাকা যদি না খুলে ফেলা হয়, তাহলে ওই সংগঠনের সদস্যদের কেরিয়ার শেষ করে দেওয়া হবে।
এই অডিও ক্লিপ শেয়ার করে শুভেন্দু টুইটে লেখেন, “পুলিশ মন্ত্রী ধারাবাহিকভাবে সনাতনীদের বিরুদ্ধে বিষ উগরে দেন, তাই এবার অধস্তন পুলিশ কর্মীরাও উদ্বুদ্ধ হয়ে ওনার মতোই সনাতন ধর্মের বিরুদ্ধে কোমর কষছেন! শিলদার ইন্দিরা চকে বজরংবলীর পতাকা না খুললে বাচ্চা ছেলেদের ‘কেস দিয়ে কেরিয়ার শেষ করে দেওয়ার’ হুমকি বিনপুর থানার এস আই সাহেবের”।
https://twitter.com/SuvenduWB/status/1642055834166513664
ওই অডিও ক্লিপে পুলিশ আধিকারিককে এও বলতে শোনা যায় যে যদিও হিন্দু সংগঠনের তরফে ওই বজরংবলীর পতাকা খুলে না ফেলা হয়, পুলিশকে গিয়ে যদি সেই পতাকা খুলতে হয়, তাহলে তাদের নামে কেস করা হবে। এখান থেকেই প্রশ্ন ওঠে যে বজরংবলীর পতাকা না খোলার জন্য প্রশাসনের তরফে কী এমন হুমকি দেওয়া যায়?
এর আগেও বারবার মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দুদের আক্রমণ করার অভিযোগ করেছেন শুভেন্দু। তাঁর কথায়, মুসলিম ভোটব্যাঙ্ক রক্ষা করতে তাদের তাবেদারি করে হিন্দুদের উপর হওয়া অন্যায়ের কোনও প্রতিবাদ করেন না মমতা। আর এবারও তেমনই অভিযোগ আনলেন তিনি।






