কিছুদিন আগেই যখন নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়, সেই সময় আদালত চত্বর থেকে ‘পার্থ চট্টোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান উঠেছিল। কিন্তু এবার নিজের বিধানসভা এলাকাতেই কটাক্ষের মুখে পার্থ। গোটা পশ্চিম বেহালা জুড়ে পার্থ বিরোধী পোস্টারে ছেয়ে গেল। নেপথ্যে সিপিএম।
শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির দায়ে গত জুলাই মাসে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই থেকেই জেলবন্দি তিনি। প্রেসিডেন্সি জেলই এখন তাঁর বর্তমান ঠিকানা। এমন অবস্থায় শূন্য পড়ে রয়েছে তাঁর বিধানসভা এলাকা। কোনও বিপদ বা দরকারে কার দ্বারস্থ হবেন, তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না পশ্চিম বেহালার মানুষ। কারণ বিধায়ক তো জেলে।
এই সুযোগকেই এবার হাতিয়ার করে পার্থর বিরুদ্ধে প্রচার শুরু করে দিল লাল বাহিনী। পশ্চিম বেহালার চায়ের দোকান থেকে শুরু করে অলিতে-গলিতে, বাড়ির দরজায়, দেওয়ালে দেখা গেল একটি বিশেষ পোস্টার। সেই পোস্টারে লেখা, “চোর তাড়াও বেহালা বাঁচাও”। এই লেখার নীচেই আরও লেখা রয়েছে, “পরিষেবা কোথায় পাই এলাকার বিধায়ক নাই চোর বিধায়কের পদত্যাগ চাই”।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। এমন সময় নানান রাজনৈতিক দলের দেওয়াল লিখন খুবই স্বাভাবিক ব্যাপার। তবে এখন সেই দেওয়াল লিখনের জায়গা এসেছে পোস্টার। এই পোস্টার অভিযানের মাধ্যমে খুব কম সময়েই অনেকটা জায়গায় প্রচার করা যায়। তবে এবার নির্বাচনের অনেক আগেই সেই অভিযান শুরু করে দিল পশ্চিম বেহালার সিপিএম নেতৃত্ব। পার্থ বিরোধী এও পোস্টারগুলি এমন এমন জায়গায় সাঁটানো হয়েছে যাতে সহজেই তা জনসাধারণের চোখে পড়ে।

তবে এই পোস্টার অভিযান করেই ক্ষান্ত নয় সিপিএম। এর পাশাপাশি এপ্রিল মাসে পশ্চিম বেহালাতে এক বিশেষ ক্যাম্পেইনও শুরু করছে বামেরা। পাড়ার মোড়ে মোড়ে এবার হবে সিপিএমের পথনাটক। যদিও এই পথনাটক বা গণসঙ্গীত সিপিএমের ক্ষেত্রে নতুন কোনও বিষয় নয়। একুশের বিধানসভা নির্বাচনের আগেও তা করেছিল সিপিএম নেতৃত্ব। আর এবার এই ক্যাম্পেইন চলবে পার্থর বিধানসভা এলাকা পশ্চিম বেহালায়।





