ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরানোর পর ফের নতুন পদ সন্দীপ ঘোষকে, আর জি কর থেকে সরলেন সুহৃতা পালও

সন্দীপ ঘোষকে নিয়ে বিতর্কের অন্ত নেই। আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন চিকিৎসকরা। চপের মুখে পড়ে আর জি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন তিনি। তবে সেদিনও কিছু ঘণ্টার মধ্যেই ফের তাঁকে ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়। এবার সেই পদ থেকেও সরানো হল তাঁকে।

ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরানো হলেও ফের নতুন এক পদে বহাল করা হয়েছে সন্দীপ ঘোষকে। গতকাল, বুধবার সন্ধ্যায় সন্দীপ ঘোষকে ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরানোর বিজ্ঞপ্তি জারি করা হয়। তাঁকে নিয়ে নানান বিতর্কের মাঝেও ফের নতুন পদ পেয়ে গেলেন তিনি। অন্যদিকে, আর জি করের নতুন অধ্যক্ষ সুহৃতা পালকে তাঁর পদ থেকে সরানো হয়েছে। চিকিৎসকদের চাপের মুখে পড়ে নতিস্বীকার করতে বাধ্য হয় স্বাস্থ্য দফতর।

জানা গিয়েছে, সন্দীপ ঘোষের অধ্যক্ষ পদ বাতিল করে নতুন পদ দেওয়া হয়েছে তাঁকে। ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য ভবনে ‘অফিসার অন ডিউটি’ পদে বহাল করা হয়েছে সন্দীপ ঘোষকে। যদিও তা নিয়েও যথেষ্ট বিরক্তি প্রকাশ করা হয়েছে চিকিৎসক মহল থেকে।

অন্যদিকে, সন্দীপ ঘোষ আর জি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেই পদে আনা হয়েছিল সুহৃতা পালকে। তবে তাঁর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। তাঁকে অধ্যক্ষ হিসেবে মানতে চান নি চিকিৎসকরা। হাসপাতালে গিয়েও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। ফলে চিকিৎসকদের চাপের মুখে পড়ে আর জি কর থেকে সরানো হল সুহৃতা পালকে।    

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সুহৃতা পালকে পাঠানো হয়েছে বারাসাত মেডিক্যাল কলেজে। এমন উত্তাল পরিস্থিতিতে এবার আর জি করের নতুন অধ্যক্ষ হলেন মানসকুমার বন্দ্যোপাধ্যায়। তিনি আগে বারাসাত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ছিলেন।

আরও পড়ুনঃ EXCLUSIVE: আগামীকাল সুপ্রিম কোর্টে আর জি কর মামলা নিয়ে কী রায় দিতে পারেন প্রধান বিচারপতি? বিস্ফোরক তথ্য দিলেন আর জি কর মামলায় যুক্ত আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়!

গতকাল, বুধবার স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, আর জি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায়কেও সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত তিনি ওই হাসপাতালে ফিজিওলজির অধ্যাপনা করবেন। তাঁর জায়গায় আর জি কর হাসপাতালের নতুন এমএসভিপি ডাঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তিনি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ও হাসপাতালের এমএসভিপি ছিলেন। অন্যদিকে, আর জি করের চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকেও বদলি করে উত্তরবঙ্গে পাঠানো হয়েছে। এই চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসক তথা পড়ুয়া ছিলেন নির্যাতিতা।

RELATED Articles