ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা। ক্রমেই শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে সে। বৃহস্পতিবার রাত বা শুক্রবার খুব সকালে ওড়িশা-বাংলা উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। সেই সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের কারণে এবার একাধিক সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।
ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কলকাতা ও শহরতলিতে। ফলে সেই কারণে ১৬০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর। এরই সঙ্গে একাধিক দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। এমনকি, রেলের তরফে এও জানানো হয়েছে বৃহস্পতিবার রাতে শিয়ালদহের কোনও শাখাতেই কোনও ট্রেন চলবে না। আগে এই সিদ্ধান্ত শুদ্ভুমাত্র শিয়ালদহের দক্ষিণ শাখার জন্য নেওয়া হলেও, এখন রেলের তরফে জানানো হল কোনও শাখাতেই রাতে চলবে না ট্রেন।
আজ, বুধবার সকালে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, “সাইক্লোন দানার কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশন একটি সিদ্ধান্ত নিয়েছে যে ২৪ অক্টোবর রাত আটটার পরে কোনও লোকাল ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে যাবে না। হাসনাবাদ, নামখানা বা ওই শাখা থেকে কোনও ট্রেন সন্ধ্যা সাতটার পরে ছেড়ে শিয়ালদহের উদ্দেশে আসবে না”।
জানা যাচ্ছে, আগামীকাল, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ ও বারাসত থেকে হাসনাবাদ শাখাতেও ট্রেন চলাচল বন্ধ থাকবে। হাসনাবাদ থেকেও এই দুই স্টেশনের উদ্দেশে কোনও ট্রেন ছাড়বে না।
লোকাল ট্রেন বাতিল তো বটেই এরই সঙ্গে বেশ কয়েকটি দুরপাল্লার ট্রেন বাতিলেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। এই বাতিলের তালিকায় রয়েছে কলকাতা-পুরী (২৪ অক্টোবর) এবং পুরী কলকাতা (২৫ অক্টোবর), ডিব্রুগড়-কম্যাকুমারী (২৩ অক্টোবর), কন্যাকুমারী-ডিব্রুগড় (২৩ অক্টোবর) সেকান্দ্রাবাদ-মালদহ (২৪ অক্টোবর), মালদহ-সেকেন্দ্রাবাদ (২৯ অক্টোবর), পুরী-জয়নগর (২৪ অক্টোবর) এবং শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস (২৩ অক্টোবর), পাটনা-পুরী এক্সপ্রেস (২৪ অক্টোবর), শিলচর-সেকেন্দ্রবাদ (২৩ অক্টোবর), বেঙ্গালুরু-মজফফরপুর (২৪ অক্টোবর), মালদহ-দিঘা (২৪ অক্টোবর), দিঘা-মালদহ (২৪ অক্টোবর), আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল (২৪ ও ২৫ অক্টোবর)।
আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে জন্ম নিল ‘দানা’! শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, দিঘা-পুরী পর্যটকশূন্য করতে তৎপর প্রসাশন, চলছে কড়া নজরদারি
শিয়ালদহ শাখার রেলওয়ে আধিকারিক কৌশিক মিত্র জানান, “পরবর্তীতে আর কোনও ট্রেন বাতিল হলে আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেব”।





