লাল কার্ডকে সবুজ কার্ডে বদলাবো আমি!  মন্ত্রীত্ব হারিয়ে বক্তব্য গৌতম দেবের

বিজেপিকে পর্যদুস্ত করে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। কিন্তু  উত্তরবঙ্গে আশানুরূপ ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস।

বিজেপি প্রার্থীর কাছে হেরে গেছেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব।কলকাতায় যখন দলের মন্ত্রীরা শপথ নিচ্ছেন, তখন শিলিগুড়িতে পুরসভার প্রশাসক হিসেবে সরেজমিনে কাজ খতিয়ে দেখছিলেন তিনি। তবে হেরে গিয়ে খুব একটা আক্ষেপ নেই তাঁর। পাল্টা চ্যালেঞ্জ নিয়ে জানিয়েছেন মানুষের দেখানো ‘লাল কার্ড’কে ‘সবুজ কার্ড’–এ রূপান্তরিত করার চ্যালেঞ্জ নিলেন প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পুরসভার প্রশাসক গৌতম দেব।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আক্ষেপ করে বলেন, ‘আমি কোনওদিন লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করিনি। দেখলাম গাড়িতে যে দেশের পতাকা লাগানো ছিল তা আর এখন নেই। মানুষ হয়তো আমাকে মন্ত্রী হিসেবে চায়নি। তাই লাল কার্ড দেখিয়েছে। তবে ভবিষ্যতে এই লালা কার্ডকেই আমি সবুজ কার্ডে বদলাবার চেষ্টা করব।’

আরও পড়ুন- জল্পনার ইতি! বিধানসভার বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী

তবে এর মধ্যেও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তাঁর বক্তব্য ‘শিলিগুড়িতে বিজেপির সাংসদ রয়েছেন। বিধায়কও রয়েছেন। পাহাড়ে বিজেপির বিধায়ক রয়েছেন। আশা করছি, উন্নয়নের বন্যা বইয়ে দেবেন তাঁরা। কারণ কেন্দ্রীয় সরকার তো উন্নয়নের কথা বলে থাকে।’

সেই সঙ্গে পুর প্রশাসক হিসেবে বর্তমান করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে গৌতম দেব জানান, শহরে একটি শ্মশান রয়েছে। সেখানে চাপ বাড়ছে। আরও দু’টি শ্মশানের দরকার রয়েছে। তাই জমির খোঁজ নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘এখানে মাইনিংয়ের কাজ তিন ধাপে হচ্ছে। কত দ্রুত কাজ শেষ করা যায় দেখছি।’

RELATED Articles