গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। বিধানসভায় প্রধান বিরোধী দলনেতা হিসেবে কাকে দেখা যাবে, এই নিয়ে। বারবার বিজেপি নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর নাম উঠে এলেও এই তালিকায় নাম ছিল মুকুল রায়েরও।
কিন্তু অবশেষে আজ, সোমবার বিজেপির হেস্টিংসের কার্যালয়ের বৈঠকে স্থির করা হয় যে শুভেন্দু অধিকারীকেই বিরোধী দলনেতা করা হবে। মন্ত্রী হিসেবে শুভেন্দুর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, এই কারণেই এই দৌড়ে তিনি খানিকটা এগিয়েই ছিলেন। এই সিদ্ধান্তে নিজেদের মত পোষণ করেছেন বিজেপি নেতৃত্ব।
ভোটের ফলাফলের এক সপ্তাহ পরও যখন বিরোধী দলনেতা নির্বাচন করা নিয়ে রাজ্য বিজেপির মধ্যে সংশয় দেখা যায়, তখন স্থির করা হয় যে কেন্দ্র থেকে রাজ্যে বিরোধী দলনেতা বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয় ভূপেন্দ্র যাদব ও রবিশঙ্কর প্রসাদকে। শুভেন্দুর সঙ্গে সঙ্গে মুকুল রায়েরও নাম উঠে এসেছিল। তবে মুকুল সেইভাবে রাজী ছিলেন না বলে জানা গিয়েছে। এই কারণে শুভেন্দু অধিকারীর নামই চূড়ান্ত করা হল।





