এর আগেও এমন ঘটনা ঘটেছে। এবার ফের ঘটল। ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সঙ্গে তুলনা করলেন তাঁরই দলের নেত্রী। এমন মন্তব্য করে এবার বিতর্কে জড়ালেন তৃণমূলের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজাতা মণ্ডল। বিজেপির দিক থেকে ধেয়ে এল সমালোচনা।
কী বলেছেন সুজাতা?
বাঁকুড়ার ইন্দাসে পাট্টা বিতরণের একটি অনুষ্ঠান সভা ছিল। সেই অনুষ্ঠানে যোগ দেন সুজাতা মণ্ডল। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মা সারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানেন তিনি। তাঁর দাবী, রাজ্যে বামেদের ৩৪ বছর ও কেন্দ্রে বিজেপির ১০ বছরের জমানায় মানুষ কিচ্ছু পায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সবকিছু দেওয়ার জন্য মা সারদার মতো হাত তুলে রয়েছেন।
তৃণমূল প্রার্থী বলেন, “মা সারদা যেমন বলতেন, আমি শরতের মা, আমজাদেরও মা। তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে হিন্দু, মুসলিম, শিখ, ইশাই কোনও ধর্মের প্রতি তাঁর ভেদাভেদ নেই”।
কী প্রতিক্রিয়া বিজেপির?
তৃণমূল প্রার্থীর এহেন মন্তব্যের কড়া সমালোচনা করে গেরুয়া শিবির। সুজাতা মণ্ডলের প্রাক্তন স্বামী তথা বিজেপির বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খাঁ এই প্রসঙ্গে বলেন,, “মা সারদা জগতের মা। সন্দেশখালি সহ সারা রাজ্যের মা বোনেরা এই প্রলাপের জবাব দেবেন। পাগলের মতো বক্তব্য রাখছে”।
উল্লেখ্য, এই প্রথমবার নয় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কেউ তাঁকে মা সারদার সঙ্গে তুলনা করলেন। এর আগে তৃণমূল বিধায়ক নির্মল মাজিও এমন তুলনা টেনেছিলেন। তা নিয়ে জলঘোলাও হয় বিস্তর। এবার লোকসভা নির্বাচনের আগে ফের একবার এমন তুলনা টেনে বিতর্ককে উস্কে দিলেন তৃণমূল নেত্রী।





