BREAKING: তৃণমূল দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে আর জি করে, কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে অমিত শাহকে চিঠি সুকান্তর

গতকাল, মধ্যরাতে রাতের দখল কর্মসূচির মধ্যেই আর জি করে অতর্কিত হামলা চলে। ভাঙচুর করা হয় জরুরি বিভাগ, হামলা করা হয় চিকিৎসকদের উপর। এই ঘটনায় এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই ঘটনায় যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, আসল অপরাধীদের যাতে দ্রুত চিহ্নিত করে শাস্তি দেওয়া হয়, সেই আর্জিই জানালেন তিনি।

আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য-সহ দেশ। নানান প্রান্ত থেকে ধেয়ে আসছে বিক্ষোভ, প্রতিবাদ। এই ঘটনার প্রতিবাদে গতকাল, ১৪ আগস্ট মধ্যরাতে রাস্তায় নামেন মহিলারা। তরুণী চিকিৎসকের সুবিচারের ডাক দেন তারা। এই আন্দোলনে চলছিল আর জি করেও। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের উপরেই হয় হামলা।

শাহকে লেখা চিঠিতে সুকান্ত জানিয়েছেন, শান্তিপূর্ণ আন্দোলনকে ভঙ্গ করতে ইচ্ছাকৃত ভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে। তাঁর কথায়, তৃণমূল কর্মীরাই মহিলাদের আন্দোলনকে দমন করার চেষ্টা চালিয়েছেন এই হামলার মাধ্যমে। প্রায় ৪০ জন দুষ্কৃতী আর জি করে ঢুকে ভাঙচুর চালান বলে দাবী সুকান্তর।

বিজেপির রাজ্য সভাপতি এও জানিয়েছেন, এই হামলার জেরে আন্দোলনকারী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী তো বটেই, রোগীদেরও নিরাপত্তার অভাব ঘটছে আর জি করে। হাসপাতালে সকলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান সুকান্ত। এই হামলায় শুধুমাত্র চিকিৎসক, বা রোগীরাই নন, আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মীরা। তাদের দিকেও পাথর ছোঁড়া হয়েছে, পুলিশের গাড়ি উল্টে দেওয়া হয়েছে। প্রাণ ভয়ে পালিয়ে বেঁচেছেন তাঁর, এও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।  

নিজের এই চিঠির মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুকান্তর আবেদন যাতে সঠিক তদন্ত করে এই দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়। যারা এই হামলা চালিয়ছে তাদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, সেই আর্জিও জানান সুকান্ত মজুমদার।

RELATED Articles