চলছে কালীপুজো উৎসব। আলোয় ঝলমল করছে চারিদিক। কালী মায়ের বন্দনা করছে বঙ্গবাসী। রাজ্যের নানান প্রান্তেই কালীপুজো হয়। এবার এই কালীপুজোতেই এল এক নিন্দনীয় ঘটনার খবর। মা কালীর গা থেকে গয়না খুলে নিল চোর।
কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্জীহাট থানা এলাকার সৃজন সংঘ ক্লাবের পুজোতে। প্রতি বছরই ধূমধাম করে কালী পুজো হয় এই ক্লাবে। ৫৮ বছরের পুরনো এই পুজো। প্রাচীন এই বারোয়ারি পুজোর মা কালীর গায়ে রয়েছে লক্ষাধিক টাকার গয়না। সেই গয়নাই চুরি করল চোর।
রাত তখন বেশ গভীর। এলাকা শুনশান। সেই সুযোগকেই কাজে লাগায় চোর। সেখানে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চোরের কীর্তি (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, প্রথমে মণ্ডপে এসে মা কালীকে ভক্তিভরে প্রণাম করে ওই চোর। তারপরই মা কালীর গায়ের গয়না এক এক করে খুলতে থাকে সে। তারপর সেখান থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতী।
মঙ্গলবার সকালে পুজো কমিটির সদস্যরা দেখেন মায়ের গায়ে গয়না নেই। সঙ্গে সঙ্গে ভালোভাবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তারা। সেই সময় ধরা পড়ে চোরের ওই কীর্তি। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ সন্ধান শুরু করে দুষ্কৃতীর।
জানা গিয়েছে, ওই চোর হাওড়ার বোস্টম পাড়া এলাকার বাসিন্দা। নাম পুটপুট। সেই-ই মা কালীকে প্রণাম করার পর প্রতিমার গায়ের গয়না একে একে খুলে নিয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।





