রেশনে দুর্নীতি অব্যাহত! ওজনে মারছে রেশন ডিলার, রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ, বিক্ষোভ এলাকাবাসীদের

রেশন দুর্নীতি নিয়ে এই মুহূর্তে রাজ্যে তুমুল চর্চা চলছে, এই দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। একাধিক জায়গা থেকে রেশনে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। কিন্তু এখনও বন্ধ হয়নি এই দুর্নীতি। তা বেশ ভালোভাবেই চলছে নানান প্রান্তেই।

রেশন সামগ্রী ওজনে কম দিচ্ছে রেশন কর্মীরা, এমনটাই অভিযোগ জানালেন এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে বাগদার কনিয়াড়া ২ নম্বর গ্রামপঞ্চায়েতের হরিনাথপুরে। সেখানকার রেশন ডিলারের নাম নিবেদিতা সাধু। সবটা দেখভাল করেন তাঁর ছেলে শান্তনু সাধু। অনেকদিন ধরেই রেশন ডিলার রেশন সামগ্রী ওজনে কম দিচ্ছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা। এই নিয়ে আজ, মঙ্গলবার প্রতিবাদ জানান তারা।

কী জানাচ্ছেন বাসিন্দারা?

এক স্থানীয় বাসিন্দার কথায়, “আমার রেশনের চাল কম দিয়েছে। এরপরই স্লিপ নিয়ে আবার আসি। তখন যিনি সামগ্রী দেন, একটা সাদা কাগজে লিখে দিলেন পরে জিনিস দেবেন। আমার ৪টে কার্ড ১৯ কিলো পাওয়ার কথা। কিন্তু অনেক দিন ধরেই ১৫ কিলো জিনিস দেয়”।

অন্য আরেক জন বলেন, তাঁর ১৯ কেজি ৭০০ চাল পাওয়ার কথা। অথচ নিয়মিত মাপ কম দিচ্ছে। তিনি বলেন, “আমি এসে জিজ্ঞাসা করায় বলছে কার্ড ব্লক করা আছে, কার্ড নিয়ে আসতে হবে। এদিকে বাড়ি থেকে কার্ড আনানোর পর দেখছি কার্ড ব্লক নেই। তারপর বলছে ভুল হয়েছে। টানা চলছে এসব। এটাও তো দুর্নীতি”।

কী মত রেশন ডিলারের?

এই নিয়ে ওই রেশন দোকানের কর্মীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ডিলার তাঁকে যেভাবে দিতে বলেছে, তিনি সেভাবেই বিলি করছেন। তিনি জানান, ডিলারই তাকে কম দিতে বলেছিল। এই বিষয়ে ডিলার শান্তনু সাধু বলেন, “ডিস্ট্রিবিউটর দিলেই দেবো। এসেই সঙ্গে সঙ্গে সেটা বলেছি। পুজোর জন্য গাড়ি কম, তাই কম জিনিসও এসেছে”।

RELATED Articles