‘খানিকটা কষ্ট পাক গ্রামবাসীরা, তারপর আবার জল খাওয়াবো’, অঞ্চল সভাপতির পদ হারাতেই গ্রামে পানীয় জল সরবরাহ বন্ধ করলেন তৃণমূল নেতা

দল বিরোধী কাজ করার কারণে অঞ্চল সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল নেতাকে। তারপরই বন্ধ হয়ে যায় গ্রামে পানীয় জল সরবরাহ। এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে চাপানউতোর শুরু হলেও কেউ সেভাবে মুখ খুলতে নারাজ। তবে ওই বহিষ্কৃত অঞ্চল সভাপতি আকবর আলম নিজেই স্বীকার করেছেন যে তাঁকে অঞ্চল সভাপতির পদ থেকে বহিষ্কার করার পরই জল সরবরাহ বন্ধ হয়েছে।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে রামপুরহাট ১ নম্বর ব্লকের আয়াস গ্রাম পানিসাইল গ্রামে। এই পানিসাইল গ্রামে প্রায় ৯০০টি পরিবারের বাস। কিছুদিন আগেই পঞ্চায়েতে আসা টাকায় গ্রামে পাইপলাইন বসিয়ে পানীয় জল সরবরাহের কাজ শুরু হয়েছিল। টাইম কলের খবরে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছিল গোটা গ্রামে।

সূত্রের খবর, এই উদ্যোগে বড় দায়িত্ব নিয়েছিলেন গ্রামেরই এক ব্যক্তি। তিনিই সাবমার্শিবল থেকে পাইপ লাইনের মধ্যে জল সরবরাহ করে আসছিলেন। এ জন্য প্রতি বাড়ি থেকে ৮০ টাকা করে নিতেন তিনি, এমনটাই খবর। কিন্তু দিন পনেরো আগে থেকে আচমকা সেই জল সরবরাহের কাজ বন্ধ করে দেন ওই ব্যক্তি। আর এর জেরেই গ্রামের সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।

কিন্তু কেন হল এমনটা?

জানা গিয়েছে, যে ব্যক্তি গ্রামে জল সরবরাহের দায়িত্বে ছিলেন, তিনি এলাকায় তৃণমূল নেতা আকবর আলমের বেশ ঘনিষ্ঠ বলেই পরিচিত। আকবর আলমের বিরুদ্ধে দল বিরোধী কাজকর্ম করার অভিযোগ উঠেছে। সেই কারণে গত ১২ আগস্ট তাঁকে অঞ্চল সভাপতির পদ থেকে বহিষ্কার করে দেয় দল।

এই বিষয়ে আকবর আলম বলেন, “আমার সঙ্গে ওই লোকের খাতির রয়েছে। আমার পরিচয়ের সুবাদেই ও গ্রামে জল সরবরাহ করত। এখন আমি নেই। সে কারণেই ও জল বন্ধ করে দিয়েছে”। তাঁর সাফ কথা, “গ্রামবাসীরা এবার খানিক কষ্ট পাক। তারপর আবার জল খাওয়ানো হবে”।

RELATED Articles