‘হাততালি দিয়ে ডিস্কো ড্যান্স করে আন্দোলন সফল করা যায় না’, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ তৃণমূল বিধায়কের

আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের নানান প্রান্তে উঠেছে আন্দোলনের ঝড়। সকল স্তরের মানুষ রাস্তায় নেমেছে তরুণী চিকিৎসকদের জন্য ন্যায়ের দাবীতে। কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের। গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলছে তাদের। এবার তাদের সেই আন্দোলনকে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক।  

আর জি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। সিবিআইয়ের তরফে দাবী করা হয়েছে এই ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। নিজেদের দাবীতে অন্যদিকে অনড় জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে জারি তাদের অবস্থান বিক্ষোভ। এবার তাদের কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক।

তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “‌হাততালি দিয়ে ডিস্কো ড্যান্স করে আন্দোলন সফল করা যায় না। এভাবে মানুষকে বিভ্রান্ত করা যায় না। আন্দোলনের একটা গতিপ্রকৃতি থাকে। তবু রাজ্যের মুখ্যমন্ত্রী বসে থাকলেন দু’‌ঘণ্টা। তিনি নিজে আসলেন। সবাইকে বললেন, বাড়িতে ডাকলেন। একটা বাচ্চা ছেলে বৃষ্টিতে ভিজলে বলছেন চা খেয়ে যান। আর কিছু না করুন এক কাপ চা খেয়ে যান”।

তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা সজল ঘোষ পাল্টা বলেন, “একসময় সিপিএম করেছে। এখন টাকা বাঁচানোর জন্য তৃণমূল করছে। তৃণমূলে কুকথার প্রতিযোগিতা চলছে”।

আরও পড়ুনঃ বড় ষড়যন্ত্রের ইঙ্গিত! টালা থানার ওসিকে গ্রেফতারির পর এবার কলকাতা পুলিশের ৪ আধিকারিককে তলব সিবিআইয়ের, কারা তারা?

বলে রাখি, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে এর আগে একাধিক তৃণমূল নেতাই নানান কটাক্ষ করেছেন। এর জেরে দলের সকলকে আর জি কর নিয়ে কোনও মন্তব্য না করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, আর জি কর নিয়ে যা মন্তব্য করার তিনি নিজে করবেন। জুনিয়র চিকিৎসকদের নিয়ে কুমন্তব্য করার কারণে সতর্কও করা হয় তৃণমূল নেতানেত্রীদের। কিন্তু সেই নিষেধাজ্ঞা যে মেনে চলছে না তৃণমূল, তা তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যে বেশ স্পষ্ট।

RELATED Articles