মুখ্যমন্ত্রী ও জুনিয়র চিকিৎসকদের মধ্যে আদৌ বৈঠকটা হবে কী হবে না, তা নিয়ে একটা জটিলতা চলছেই কিছুদিন ধরে। ৩৬ দিন ধরে কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের। গত মঙ্গলবার থেকে তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। আজ, সোমবার ফের মুক্যসচিবের তরফে তাদের চিঠি দেওয়ার হয়েছে বৈঠকের আহ্বান জানিয়ে। এবার এই নিয়ে মুখ খুললেন আর জি করের তরুণী চিকিৎসকের মা-বাবা।
আর জি কর কাণ্ডে গোটা রাজ্য তথা দেশ উত্তাল। নিজেদের দাবী নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে গত মঙ্গলবার থেকে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকরা। এরই মধ্যে গত বৃহস্পতিবার নবান্নের তরফে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের ডাক দেওয়া হয়। সেদিন জুনিয়র চিকিৎসকরা নবান্নে গেলেও তাদের লাইভ স্ট্রিমিং করার শর্ত নবান্ন না মেনে নেওয়ায় ভেস্তে যায় সেই বৈঠক।
এরপর গত শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের আহ্বান জানানো হয়। কিন্তু সেদিনও ভেস্তে যায় সেই বৈঠক। আজ, সোমবার মুখ্যসচিবের তরফে চিঠি দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের। আজ বিকেল ৫টা থেকে কালীঘাটে বৈঠকের ডাক দেওয়া হয় তাদের। জানা গিয়েছে, এদিন বৈঠকে যোগ দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এই বৈঠক নিয়ে বেশ আশাবাদী আর জি করের নির্যাতিতার মা-বাবা। বৈঠকের মাধ্যমেই স্নায়ুযুদ্ধ শেষ হবে বলে আশা তাদের।
নির্যাতিতার বাবা জানান, “রক্ষকই ভক্ষক। আমরা আগে থেকেই চেয়েছিলাম মেয়ের দেহ সংরক্ষণ করতে। কিন্তু প্রশাসন তা করেনি। ৩০০-র বেশি পুলিশ দিয়ে আমাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করেছিল। আমরা অপারগ ছিলাম। পুরো সিস্টেম টাই অর্থাৎ প্রশাসনই প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। আমাদের ৩ ঘণ্টা পর দেহ দেখতে দেওয়া হয়েছে”।
মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “দুই পক্ষেরই শুভবুদ্ধির উদয় হোক। এই যে স্নায়ুযুদ্ধ চলছে তা শেষ হোক। বাচ্চাগুলো আমার সন্তানের মতোই। আমাদের পাশে দাঁড়িয়ে ওরা এত কষ্ট করছে, সত্যি আমাদেরও সেটা কষ্ট দিচ্ছে। কিছু একটা সমাধান বেরোক। স্বচ্ছতার সঙ্গে আলোচনায় বসে মুখ্যমন্ত্রী সমাধান করে নিন। আমরা এটাই চাই”।
আরও পড়ুনঃ ‘হাততালি দিয়ে ডিস্কো ড্যান্স করে আন্দোলন সফল করা যায় না’, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ তৃণমূল বিধায়কের
প্রসঙ্গত, গত দু’বার মুখ্যমন্ত্রীর সঙ্গে ভেস্তে গিয়েছে বৈঠক। জুনিয়র চিকিৎসকরা বারবার বলেছেন, তারা বৈঠকে বসতে চান। আগের দিন কালীঘাটে শেষ পর্যন্ত নিজেদের সমস্ত দাবী ছেড়েই বৈঠকে রাজি হয়েছিলেন তারা। কিন্তু তাদের বলা হয় যে অনেক দেরি হয়ে গিয়েছে, সেই কারণে বৈঠক হবে না। তবে আজ, সোমবার ফের বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যসচিবের চিঠি অনুযায়ী, বৈঠকের লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং করতে পারবেন না জুনিয়র চিকিৎসকরা। এবার এই বৈঠকে কী আলোচনা হয়, কোনও রফাসূত্র আদৌ বের হয় কী না বা অচলাবস্থা কাটে কী না, সেটাই এখন দেখার!





