স্যাঁতস্যাঁতে ঠাণ্ডা, কুয়াশায় ঢেকেছে চারিদিক, কিছুক্ষণের মধ্যেই নামছে বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের

গত কয়েকদিন ধরেই ঠাণ্ডায় জবুথবু বঙ্গবাসী। কলকাতাতেও ঠাণ্ডার স্পেল দারুণ। উত্তর হোক দক্ষিণবঙ্গ, প্রবল ঠাণ্ডায় কাঁপছে মানুষ। এরই মধ্যে আজ, বৃহস্পতিবার ফের হাওয়া বদল। সকাল থেকেই আকাশে দেখা নেই সূর্যের। চারিদিক ঢাকা ঘন কুয়াশায়। এমন আবহে এবার আজ, বৃহস্পতিবারই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

এর আগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাসই এবার সত্যি হতে চলেছে। এমনিতেই স্যাঁতস্যাঁতে আবহাওয়া, ঠাণ্ডা আর এর দোসর আবার বৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের নানান জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস। এর সঙ্গে হবে পারাপতনও।

কোথায় কোথায় হবে বৃষ্টি?     

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আজ, বৃহস্পতিবার রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। এদিন থেকে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে রাতের তাপমাত্রা এখনই কমছে না। দিনে কুয়াশার দাপট থাকবে আর সেই সঙ্গে স্যাঁতস্যাঁতে ঠান্ডা।

কেন এমন বৃষ্টি?

হাওয়া অফিস জানাচ্ছে, মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এমন বৃষ্টির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। আর সর্বনিম্ন ১৪.৩ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। গতকাল, বুধবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২০.৩ ও ১৩.৪ সেলসিয়াস।

বৃষ্টি হবে উত্তরবঙ্গেও

গতকাল, বুধবার থেকেই  বৃষ্টি ও তুষারপাত শুরু হয়ে গিয়েছে সিকিমে। দার্জিলিংয়েও এর প্রভাব পড়েছে। আবহাওয়া দফতরের অনুমান, দার্জিলিংয়ে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যেতে পারে। আজ, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। আর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles