Weather Update of Bengal: নিম্নচাপ কেটে যেতেই ফের গরম শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। গুমোট হয়ে রয়েছে চারিদিক। তবে এবার এই ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি। এমনটাই সুখবর দিল আবহাওয়া দফতর (Weather Update of Bengal)। সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিস সূত্রে খবর, বাংলায় যে সক্রিয় মৌসুমি অক্ষরেখা ছিল, তা ওড়িশার দিকে সরে গিয়েছে। অন্যদিকে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, সেটিও ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। বর্তমানে সেই ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন উত্তর ওড়িশা ও ছত্রিশগড়ে। আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি (Weather Update of Bengal)।
আজ, শুক্রবার সেভাবে বৃষ্টি হবে না দক্ষিনবঙ্গে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হলেও হতে পারে। বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও হুগলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। তবে আগামীকাল, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর (Weather Update of Bengal)।
জানা গিয়েছে, আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, হুগলিতে। দক্ষিণের জেলাগুলিতে রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে খবর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। কলকাতায় শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে (Weather Update of Bengal)।
অন্যদিকে আবার আজ, শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Weather Update of Bengal)। বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। আগামীকাল, শনিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকা অর্থাৎ দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হবে।





