বেকারত্বের জ্বালা! পুজো মণ্ডপে চপ-ঘুগনির দোকান দিলেন বেকাররা, প্রতীকী প্রতিবাদ রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের

পুজো মণ্ডপের পাশে নানান স্টল। সেই স্টলে বিক্রি হচ্ছে চপ, ঘুগনি, সিঙ্গারা। এমন দৃশ্য তো দেখাই যায়। তবে সেই স্টলের বিক্রেতারা যেন বড্ড বেমানান। এই স্টলের বিক্রেতারা হলেন সমাজের শিক্ষিত বেকার যুবক-যুবতীরা। রাজ্যে বেকার সংখ্যা যে বাড়ছে, চাকরি যে নেই রাজ্যে, তা নিয়ে প্রতিবাদ গড়ে তুলতেই এমন আয়োজন করা হল বনগাঁর এক পুজো মণ্ডপে।

কিছু স্থানীয় শিক্ষিত যুবক-যুবতীরা বনগাঁর নহাটা বাজারের কাছে পুজোর মণ্ডপে স্টল দিয়েছেন। অন্যান্য স্টলের মতোই নানা মুখরোচক খাবার বিক্রি হচ্ছে তাদের স্টলেও। তবে অন্যান্যদের থেকে কিছুটা আলাদা তারা। শিক্ষিত হয়েও বেকারত্বের কারণে এই পথ বেছে নিয়েছেন এই বেকার যুবক-যুবতীরা। উদ্যোক্তাদের কথায়, পুজোয় এমন স্টল দিয়ে রাজ্যের বেকারত্বের প্রতিবাদ জানাচ্ছেন তারা।

এই শিক্ষিত বেকার যুবক-যুবতীরা রীতিমতো পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগিয়ে স্টলে চপ, ঘুগনি, সিঙ্গারা বিক্রি করছেন। পুজোতে ষষ্ঠী থেকে নবমী এমনই চিত্র দেখা গেল ওই সংশ্লিষ্ট পুজোর মণ্ডপে। এই ঘটনায় এলাকায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

এই স্টলের এক বিক্রেতা বলেন, “আমাদের রাজ্যে চাকরির কোনও শূন্যপদ নেই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন চপ শিল্প দেশের জন্য একটা বড় শিল্প হতে পারে। তাঁর কথায় অনুপ্রাণিত হয়ে আমরা এই স্টল দিয়েছি”।

অন্য এক বিক্রেতার কথায়, “এটা আমাদের কাছে খুব লজ্জার। শিক্ষিত হয়েও আমরা আজ এভাবে চপের স্টল দিয়েছি। রাজ্যে যে চাকরির কী অবস্থা সেটা সকলে জানে। সেটারই প্রতীকী প্রতিবাদ করতে আমরা আজকে এই আয়োজন করেছি”।

প্রসঙ্গত, পুজোর মধ্যেও কলকাতার রাজপথে অনশন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদ ও স্বচ্ছ নিয়োগের দাবী জানিয়ে দীর্ঘদিন ধরেই রাস্তায় বসে আন্দোলন করছেন তারা। পুজোর সময়ও দেখা গেল সেই একই চিত্র। এবার তেমনই এক ঘটনার ক্ষুদ্র সংস্করণ দেখা গেল পুজোর মণ্ডপের স্টলে। প্রতিবাদের জন্য এমন স্টল দিলেন শিক্ষিত বেকাররা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles