নবমীর সকালে ফের একসঙ্গে শুভেন্দু-কৌস্তভ, গেলেন বিজেপি নেতার বাড়ি, ফের উঁকি দিল দলবদলের জল্পনা

পুজোর আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল। এবার সেই জল্পনার মাত্রা আরও বাড়ল। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি ফের একবার দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। তাও আবার বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের পানিহাটির বাড়িতে। এর জেরে কংগ্রেস নেতার দলবদলের জল্পনা আরও বাড়ল।

জানা গিয়েছে, নবমীর সকালে বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান শুভেন্দু অধিকারী ও কৌস্তভ বাগচি। এর আগেও তাদের একসঙ্গে দেখা গিয়েছে। এবার পুজোর মধ্যে একেবারে হাতে হাত রেখে কথা বলতে দেখা গেল তাদের। তাদের বক্তব্য, সন্ময় বন্দ্যোপাধ্যায়ের পুজোর নিমন্ত্রণ রক্ষা করতেই গিয়েছিলেন তারা। তবে দু’পক্ষের মধ্যে বেশ খোশগল্প চলে বেশ কিছুক্ষণ ধরে। এর পিছনে কী কোনও রাজনৈতিক সমীকরণ কাজ করছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কৌস্তভ বাগচির বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যে তৃণমূল কংগ্রেস দলকে উৎখাত করার জন্য বিকল্প ব্যবস্থা হওয়া দরকার”।

শুভেন্দুর কথায়, “আমরা সবাই নো ভোট টু মমতা’র লক্ষ্যে সবাই এক। তবে কৌস্তভের সম্পর্কে তাঁর বার্তা, ‘ও যথেষ্ট শিক্ষিত ও পরিপক্ক ছেলে। ও নিজের সিদ্ধান্ত নিতে পারে। তবে নির্দিষ্ট লক্ষ্যের জন্য একটা প্ল্যাটফর্ম বেছে নিতে হয়”।

বিজেপিতে যোগদান প্রসঙ্গে কৌস্তভের বক্তব্য, “রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকাকে কোনওভাবে অস্বীকার করা যায় না। উনি যেভাবে নেতৃত্ব দিচ্ছে সমগ্র বিরোধী রাজনৈতিক বিষয়টাকে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই”।

কৌস্তুভের মতে, “রাজ্যের সরকারকে উৎখাত করার জন্য বিকল্প ব্যবস্থা দরকার আছে। এই মুহূর্তে বিজেপিতে যোগদান নিয়ে চিন্তাভাবনা আমি করছি না। কিন্তু বিকল্প ব্যবস্থা রাজ্যে হোক এটা আমি চাই”।

বলে রাখি, সাম্প্রতিককালে দলের নানান বিষয়ে আপত্তি জানিয়েছেন কৌস্তভ। দলের সমালোচনা শোনা গিয়েছে তাঁর মুখে। সুর চড়িয়েছেন নেতৃত্বের বিরুদ্ধে। সম্প্রতি আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মিছিলে হাঁটতেও দেখা গিয়েছে তাঁকে।

সেটি যদিও কোনও রাজনৈতিক মিছিল ছিল না। গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলেই একসঙ্গে দেখা যায় শুভেন্দু ও কৌস্তভকে। তখন থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা। কৌস্তভ কী বিজেপিতে নাম লেখাচ্ছেন? এমন প্রশ্নও উঠতে শুরু করে। যদিও

কংগ্রেস নেতা স্পষ্ট জানান যে তিনি একজন আইনজীবী হিসেবেই ওই মিছিলে যোগ দিয়েছিলেন। তা নিয়ে জল্পনা বাড়ানোর কোনও প্রয়োজন নেই বলেন জানান তিনি। পুজোর শুরুতেই আবার বিজেপি নেতা সজল ঘোষের পুজোর সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দির দর্শনে গিয়েছিলেন কৌস্তভ। সেই সময়ও সজল ঘোষের সঙ্গে বেশ গল্প করতে দেখা গিয়েছিল তাঁকে। এবার ফের সামনে এল শুভেন্দুর সঙ্গে তাঁর ছবি। এর জেরে ধীরে ধীরে যেন কংগ্রেস নেতার গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জল্পনাই স্পষ্ট হচ্ছে।

RELATED Articles