চালের পায়েস, সুজির পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানান ভিন্ন স্বাদের কাঁঠালের পায়েস

বাঙালি বাড়িতে যেকোনো শুভ অনুষ্ঠানে পায়েস না থাকলে যেন সবকিছু অসম্পূর্ণ থেকে যায়। পায়েসের প্রতি বাঙালির এই ভালোবাসা শতাব্দীপ্রাচীন। চালের পায়েস, সুজির পায়েস বা ছানার পায়েস— এই সব পায়েস হয়তো অনেকবার খেয়েছেন। কিন্তু কাঁঠালের পায়েস? এই বিশেষ পায়েসটি একবার চেখে দেখুন, আপনার মন ভরে যাবে। নিচে কাঁঠালের পায়েস তৈরির একটি সহজ ও সুস্বাদু প্রণালী দেওয়া হলো।

এই পায়েস তৈরী করতে উপকরণ হিসেবে লাগবে দুধ‌ ১ লিটার,কাঁঠালের ক্বাথ ১ কাপ,  গোবিন্দভোগ চাল ৫০ গ্রাম, চিনি স্বাদমতো, কনডেন্সড মিল্ক ৫০ গ্রাম, পেস্তা ৫টি, কাজুবাদাম ও কিশমিশ ২৫ গ্রাম, তেজপাতা ২টি।

প্রথমে কাঁঠালের কোয়াগুলি থেকে বীজ বের করে নিন। তারপর শাঁসগুলি মিক্সিতে ভালো করে পিষে নিন যাতে একটি মিহি ক্বাথ তৈরি হয়। এরপর দুধের মধ্যে তেজপাতা দিয়ে জ্বাল দিয়ে ঘন করুন। দুধ যত ঘন হবে, পায়েস ততই সুস্বাদু হবে। দুধ ঘন হয়ে এলে ধুয়ে রাখা চাল দিয়ে দিন দুধের মধ্যে। চাল ভালো করে সেদ্ধ হলে তার মধ্যে কাজু-কিশমিশ ও পেস্তা যোগ করুন।

এবার চিনি এবং কনডেন্সড মিল্ক দিয়ে মিশ্রণটি ফুটিয়ে নিন। মিশ্রণটি ফুটে গেলে তাতে কাঁঠালের ক্বাথ দিয়ে ভালোভাবে নাড়ুন। এই মিশ্রণটি অল্প আঁচে ভালো করে মিশিয়ে নিন। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে দিন। পায়েসটি ঠান্ডা হলে উপরে পেস্তা ও কাজুবাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

এই প্রণালীটি মেনে করলে একটি অসাধারণ পায়েস তৈরি করতে পারবেন। কাঁঠালের স্বাদ পায়েসে এক নতুন মাত্রা যোগ করবে যা আপনার অতিথিদের মন জয় করে নেবে। কাঁঠালের মিষ্টি স্বাদ এবং দুধের ঘনত্ব একসঙ্গে মিলে একটি অপূর্ব মিষ্টি তৈরি করে। এই কাঁঠালের পায়েসের মধ্যে আছে প্রচুর পুষ্টিগুণ। কাজুবাদাম ও পেস্তার স্বাস্থ্যকর ফ্যাট এবং কাঁঠালের প্রাকৃতিক মিষ্টি স্বাদ এই পায়েসকে আরও স্বাস্থ্যকর করে তোলে। তাই যেকোনো শুভ অনুষ্ঠানে বা বিশেষ দিনে কাঁঠালের পায়েস তৈরি করে স্বাদ উপভোগ করতে পারেন। 

RELATED Articles