রাজনৈতিক মহলে বর্তমানে তৃণমূল তারকা-সাংসদ দেবকে নিয়ে চর্চার অন্ত নেই। তৃণমূলে তাঁর ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই গতকাল, বৃহস্পতিবার দেব লোকসভায় দাঁড়িয়ে বলেছেন যে সেদিনই তাঁর সংসদে শেষ দিন। তিনি যে আসন্ন লোকসভা নির্বাচনে লড়বেন না, তা বেশ ভালোভাবেই ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন দেব। দু’দিন আগেই দেবের নামে একটি অডিও ক্লিপ ভাইরাল হয় (অডিও ক্লিপের সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)। যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়। এবার সেই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন দেবের ভাই বিক্রম অধিকারী।
কী ছিল ওই অডিও ক্লিপে?
ওই অডিও ক্লিপে একজন ব্যক্তিকে কারোর সঙ্গে ফোনে বলতে শোনা যায়। সেখানে অভিযোগ করা হয়, দেব নাকি প্রকল্পের কাজের জন্য সাংসদ কোটায় ৩০ শতাংশ কমিশন চাইছেন। ওই ব্যক্তিকে এও বলতে শোনা যায় “আমি দিদিকে বলেছি, দেব আমার কাছ থেকে কাজের কমিশন চাইছে। আমি তো দিদিকে বিষয়টি বলেছি। দিদি জানে তারপরেও ওকে এমপি করেছেন”।
কী বক্তব্য সাংসদের ভাইয়ের?
এই অডিও ক্লিপ নিয়ে দেবের ভাই জানান, “দাদা কোনও দিন কাটমানি নেননি। পরিবারের কাউকে সরকারি চাকরি দেওয়ার চেষ্টা করেননি। বরং নিজের টাকায় গরিব মানুষকে সাহায্য করেছেন। ঘাটালের মানুষ সেটা জানেন। দাদা নাম ভাঙিয়ে তৃণমূল নেতারাই কাটমানি তুলছে। এভাবে সাংসদ থাকার থেকে না থাকা ভালো। আমার দাদা বরং অভিনেতাই থাকুন”। বিক্রম অধিকারীর কথায়, “দাদা কাটমানি নিলে আমাকে কাটমানি দিতে হয়েছিল কেন”।
যেদিন এই অডিও ক্লিপ ফাঁস হয়, সেদিন এই ফাঁস হওয়া অডিও ক্লিপ নিয়ে প্রশ্ন করা হলে, দেব সাফ জানিয়েছিলেন, “আমার উপর কিছু নির্ভর করে নেই। আমার যা করার, যা বলার, তা আমি দলকে বলে দিয়েছি। যে অডিয়ো ক্লিপটি বেরিয়েছে, সেই মতো দেখলে, দিদি আর ওর মধ্যে কিছু কথা হয়েছে। দিদিই উত্তরটা দেবেন। আমার কিছু বলার নেই”।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতিতে দেবকে নিয়ে চলছে চর্চা। এরই মধ্যে গতকাল, বৃহস্পতিবার লোকসভায় দাঁড়িয়ে দেব বলেন, “সংসদে আজই আমার শেষ দিন। আমি সাংসদ থাকি বা না থাকি ঘাটাল মাস্টার প্ল্যান যেন লাগু হয়। ১০ বছর আমাকে সুযোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ”। এরপরই দেবের রাজনৈতিক জীবন নিয়ে উঠছে প্রশ্ন। তিনি যে আসন্ন লোকসভা নির্বাচনে দাঁড়াতে চান না, সেকথাও বেশ স্পষ্ট।






