এখন বেশ ঠাণ্ডার আমেজ থাকলেও, শীঘ্রই বাড়বে তাপমাত্রা, প্রেম দিবস-সরস্বতী পুজোতে কাটবে গরমের মধ্যেই, জানাল হাওয়া অফিস

ভালোবাসার সপ্তাহ শুরু হয়েছে। আগামী বুধবার আবার একাধারে সরস্বতী পুজো আর অন্যদিকে আবার ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ প্রেম দিবস। ফলে এই বছরের ১৪ ফেব্রুয়ারি নিয়ে স্কুল-কলেজ পড়ুয়া ও তরুণ-তরুণীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। সেই সময় আবহাওয়া কেমন থাকবে? শীতের আমেজ থাকবে তো? তা নিয়ে প্রশ্ন তো উঠছেই। এবার সেই প্রশ্নের জবাব দিল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার খুব একটা হেরফের হবে না। আজ, শুক্রবার তাপমাত্রা কিছুটা কমেছে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রির আশেপাশে। এদিন বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে ৩৩ থেকে ৮৬ শতাংশের মধ্যে।

কেমন থাকবে ১৪ ফেব্রুয়ারির আবহাওয়া?

মাঘ মাসের মাঝের দিকে হঠাৎই শীত উধাও হয়ে গেলেও গত দু-তিনদিন ধরে ফের বঙ্গে ফিরেছে শীতের আমেজ। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামীকাল, শনিবার পর্যন্ত  তাপমাত্রা নিম্নমুখীই থাকবে। রবিবারও মিলবে শীতের আমেজ। তাপমাত্রা বাড়তে শুরু করবে আসন্ন সপ্তাহের সোমবার থেকে।

হাওয়া অফিস সূত্রের খবর, মঙ্গলবার আকাশ মেঘলা থাকতে পারে। কিন্তু বুধবার অর্থাৎ প্রেম দিবস ও সরস্বতী পুজোর দিন বেশ খানিকটা বাড়বে তাপমাত্রা। সেদিন তাপমাত্রা পৌঁছতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসে। অথাত প্রেমের দিনটা বেশ উষ্ণতার মধ্যেই কাটবে এই বছর। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এই সময়।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

আবহাওয়া দফতর জানাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট থাকবে। মালদহ ও দুই দিনাজপুরে লক্ষ্য করা জানে কুয়াশার আধিক্য। আবার সিকিম ও দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর।

অন্যান্য রাজ্যের আবহাওয়ার কী পরিস্থিতি?

অন্যদিকে, আজ, শুক্রবার অরুণাচলপ্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার ওড়িশায় বৃষ্টি হতে পারে। পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী সপ্তাহে অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি হতে পারে। শনি থেকে বুধবার পর্যন্ত মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে সোমবার থেকে বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 

RELATED Articles