সামনেই লোকসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলেই এই মুহূর্তে প্রার্থী বাছাই নিয়ে উদ্বেগ তুঙ্গে। সম্প্রতি শ্রীরামপুরে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার দিয়ে দাবী করা হয়েছিল যে তাঁকে সেখানে তাঁকে যাতে সাংসদ প্রার্থী না করা হয়। তবে সেই পোস্টার কাণ্ড সত্ত্বেও লকেট স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি হুগলি থেকেই ফের দাঁড়াবেন ভোটে। এই পোস্টার নিয়ে তৃণমূলের দিকে আঙুল তুললেন বিজেপি সাংসদ।
কী বলেছেন লকেট চট্টোপাধ্যায়?
পোস্টার কাণ্ডের পর লোকসভা ভোটে লকেট ফের হুগলি লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন কী না, তা নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে সেই সংশয় দূর করলেন সাংসদ নিজেই। স্পষ্ট জানালেন, “হুগলি থেকে আমি গত লোকসভা ভোটে জয়ী হয়েছিলাম। এবারও হব। দ্বিতীয়বাবের জন্য হুগলি থেকে নিশ্চয় লড়ব”।
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে হুগলি লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান লকেট চট্টোপাধ্যায়। সেখানে তৃণমূল প্রার্থী রত্না দে নাগকে পরাজিত করে সাংসদ হন লকেট। লোকসভা ভোটে সেখানে বিজেপি শক্তি বাড়ালেও একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু সেখানেই বিজেপির শক্তিক্ষয় হয়। বিধানসভা নির্বাচনেও লকেট সেখানে প্রার্থী হন। কিন্তু চুঁচুড়ার অসিত মজুমদারের কাছে হেরে গিয়েছিলেন তিনি।
কী পোস্টার পড়েছিল লকেটের বিরুদ্ধে?
গত বুধবার সকালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ হয়ে যায়। সেই পোস্টারে লেখা ছিল, “কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন, বহিরাগত, পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই” নিচে লেখা ছিল, “দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী”।
তবে লকেটের দাবী, এই পোস্টার কাণ্ডের নেপথ্যে রয়েছে তৃণমূলই। এই পোস্টার প্রসঙ্গে অসিত মজুমদারের কথাও টানেন তিনি। বলেন, “চুঁচুড়ার বিধায়ককে নিয়ে কোনও মন্তব্য আমি করব না। যে ষাটোর্ধ্ব বৃদ্ধকে রাস্তায় মা’র’ধ’র করে তাঁকে নিয়ে বলতে আমার দ্বিধা হয়”।
লকেটকে চ্যালেঞ্জ অসিত মজুমদারের
লকেট ফের হুগলি থেকেই লড়বেন, এমন ঘোষণা করার পরই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। বলেন, “চ্যালেঞ্জ নিয়ে বলছি আড়াই-তিন লাখ ভোটে হারাব ওকে”। শুধু তাই নয়, লকেটের সাংগঠনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর খোঁচা, “ও কাকে নিয়ে লড়বে? যার বিরুদ্ধে গালাগাল দিত তাঁকে পাশে নিয়ে বসে আছে। ওর দলের লোকই তো ওর বিরুদ্ধে”।
এখানেই থেমে থাকেন নি তিনি। অসিত মজুমদারের সংযোজন, “বিজেপির লড়াই তৃণমূলের সঙ্গে নয়। বিজেপিরই সঙ্গে বিজেপির লড়াই। তবে এটা ২০১৯ নয়, ২০২৪। আগেরবার মানুষ নরেন্দ্র মোদীর মিথ্যা কথায় বিশ্বাস করে যে ভুল করেছিল এবার আর সেই ভুল করবে না”।





