লোকসভা ভোটে বড় চমক মোদীর! সংখ্যালঘু ভোট টানতে বাংলার আসনে এবার ‘তুরুপের তাস’ মহম্মদ শামি, বিজেপির প্রার্থী হচ্ছেন ভারতীয় পেসার

ক্রিকেট বিশ্বকাপে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর সামনে তাবড় তাবড় ব্যাটসম্যানেরও কালঘাম ছুটে যায়। ২২ গজে যখন তিনি নামেন, তাঁর হাতে যেন বল নয়, আগুনের ফুলকি ছোটে। এবার সেই ভারতীয় পেসারই পা রাখতে চলেছেন রাজনীতির ময়দানে। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে চলেছেন মহম্মদ শামি।

জাতীয় রাজনীতিতে মহম্মদ শামিকে নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, এবারের লোকসভা নির্বাচনে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। বিজেপির টিকিটে প্রার্থীও হবেন তাও বাংলারই এক আসন থেকে। জানা গিয়েছে, শামির কাছে বিজেপির তরফে যোগাযোগ করা হয়েছে এই নিয়ে। যদিও শামি এখনও কিছু জানান নি। তবে জল্পনা কিন্তু তুঙ্গে।

প্রসঙ্গত, গত বিশ্বকাপ ক্রিকেটে শামির দুর্ধর্ষ বোলিংয়ের সাক্ষী থেকেছে গোটা দেশ। ফাইনালে জিততে না পারলেও, ইন্ডিয়া টিমকে ফাইনাল পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে শামির অবদান অন্যতম। ভারতীয় দল হেরে যাওয়ার পর খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিং রুমে দেখা করতে গিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হতাশ হয়ে পড়া শামিকে বুকে টেনে শান্তনা দিয়েছিলেন তিনি। সেই ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়।

এরপর আবার অর্জুন পুরস্কার পান শামি। এই সরকারি পুরস্কার পাওয়ার পর থেকেই যেন শামির রাজনীতিতে যোগ নিয়ে শুরু হয় জল্পনা। এরপর আবার শামির অস্ত্রোপচারের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সব ঘটনা মিলিয়েই মনে করা হচ্ছে এবার গেরুয়া জার্সিতেই রাজনীতির ময়দানে দেখা যাবে শামিকে।

কোন আসন থেকে লড়বেন শামি?

শামি ঠিক কোন আসন থেকে লড়তে চলেছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে যা গুঞ্জন, তা অনুযায়ী বসিরহাটের আসন থেকে লড়তে পারেন শামি। সেখানে সংখ্যালঘু ভোটার বেশি। ফলে সেখান থেকে ভোট টানতে শামিকে বসিরহাট থেকে টিকিট দিতে পারে বিজেপি। এর উপর আবার সন্দেশখালি কাণ্ড নিয়ে শাসক দল তৃণমূলের উপর ফুঁসছেন সেখানকার বাসিন্দারা। ফলে সেই আসন থেকে যদি কোনও হেভিওয়েট মুখকে প্রার্থী করা হয়, তাহলে জিত নিশ্চিত। সেই কারণেই বসিরহাট কেন্দ্রকেই ঠিক করা হয়েছে শামির জন্য। এবার দেখার পালা বিজেপির ডাকে সাড়া দেন কী না এই ভারতীয় পেসার!  

আরও অন্যান্য খবর