যাদবপুরে সৃজন, শ্রীরামপুর থেকে দীপ্সিতা, প্রকাশ্যে লোকসভা নির্বাচনে বামেদের প্রথম প্রার্থী তালিকা, গুরুত্ব তরুণদের

লোকসভা ভোটের নির্ঘণ্ট এখনও প্রকাশ না হলেও এক এক করে প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলগুলিই। কিছুদিন আগেই বিজেপি প্রথম প্রার্থী তালিকা সামনে এনেছে যাতে নাম ছিল বাংলার ২০জন প্রার্থীর। গত রবিবার ব্রিগেডের সভা থেকে তৃণমূল ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে। আর এবার পালা বামেদের।

আজ, বৃহস্পতিবার বিকেলে আলিমুদ্দিন স্ট্রীটে সাংবাদিক বৈঠক করে নির্বাচনের জন্য ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করলেন বিমান বসু। এর মধ্যে ১৩ জন হলেন সিপিএমের ও বাকি ৩ জন প্রার্থী শরিকদের। এই তালিকায় নতুনদের আধিক্য লক্ষ্য করা গিয়েছে।  

কে কোথা থেকে প্রার্থী হলেন?

কোচবিহার থেকে লড়ছেন নিতীশ চন্দ্র রায়। জলপাইগুড়ি থেকে লড়ছেন দেবরাজ বর্মন। বালুরঘাট থেকে জয়দেব সিদ্ধান্ত। কৃষ্ণনগর থেকে এসএম সাদি। দমদম থেকে সুজন চক্রবর্তী। যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্য। কলকাতা দক্ষিণ সিপিআইএম সায়েরা শাহ হালিম। শ্রীরামপুর থেকে লড়ছেন দীপ্সিতা ধর। হুগলিতে লড়ছেন মনদীপ ঘোষ।

অন্যদিকে, তমলুক থেকে লড়ছেন সায়ন বন্দ্য়োপাধ্যায়। হাওড়া থেকে লড়ছেন সব্যসাচী চট্টোপাধ্যায়। মেদিনীপুর থেকে লড়ছেন বিপ্লব ভট্ট। বাঁকুড়া থেকে লড়ছেন নীলাঞ্জন দাশগুপ্ত। বিষ্ণুপুর থেকে লড়ছেন শীতল কৈবর্ত। বর্ধমান পূর্ব থেকে লড়ছেন নীরব খান। আর আসানসোল থেকে লড়ছেন জাহানারা খান।  

কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে এখনও কোনও রফাসূত্র মেলেনি। আসন সমঝোতা নিয়ে তৈরি হয়েছে বিভ্রাট। যদিও এদিন জোট জল্পনা জিইয়ে রেখে বিমান বসু বলেন, “বামফ্রন্টের শরিকদলগুলি ছাড়া অন্য কারও সঙ্গে কোনওদিনই জোট ছিল না। ভোটে লড়ার জন্য আসন সমঝোতা হয়েছিল। এবারেও হতে পারে”। প্রসঙ্গত, এদিনই আবার বারাসাত, বসিরহাট, মথুরাপুর, যাদবপুর, উলুবেড়িয়া, শ্রীরামপুর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ আসনে লড়াইয়ের কথা জানিয়েছে আইএসএফ। 

আরও অন্যান্য খবর