সরকারি বাসে মহিলাদের বিনামূল্যের টিকিট ঘিরে বড় অভিযোগ! ‘সেকু-মাকু’দের নিশানা পরিবহনমন্ত্রী অর্জুনের, কীভাবে হচ্ছে কারচুপি?

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ ঘিরে এবার বড়সড় বিতর্ক। টিকিট বুকিংয়ের নামে কারচুপি করে পরিবহন দফতরের বিপুল ক্ষতি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। তাঁর দাবি, পরিকল্পনা করে একাধিক মহিলার আধার কার্ড ব্যবহার করে গোটা বাসের আসন বুক করা হচ্ছে। অথচ যাঁদের নামে টিকিট কাটা হচ্ছে, তাঁরা কেউই বাসে উঠছেন না। এই ঘটনার পিছনে নাম না করে বামপন্থীদের একাংশকে দায়ী করেছেন মন্ত্রী। তাঁর মুখে শোনা গিয়েছে ‘সেকু-মাকু’ শব্দটিও।

পরিস্থিতি সামাল দিতে এবার বুকিংয়ের নিয়মে কড়াকড়ি আনছে প্রশাসন। নতুন নির্দেশিকা অনুযায়ী, সরকারি বাসের মোট আসনের ৩০ শতাংশের বেশি অনলাইনে বুক করা যাবে না। পাশাপাশি, কোনও আধার কার্ড ব্যবহার করে তিনবার ভুয়ো বুকিং করা হলে সংশ্লিষ্ট কার্ডটি ছয় মাসের জন্য লক করে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী। সরকারের দাবি, এই পদক্ষেপের ফলে অকারণে আসন আটকে রাখার প্রবণতা কমবে। পাশাপাশি, প্রকৃত যাত্রীরা যাতে সহজে টিকিট পান এবং পরিবহন দফতরের আর্থিক ক্ষতি কিছুটা হলেও আটকানো যায়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

ঠিক কীভাবে চলছে এই বুকিংয়ের কারচুপি? বিষয়টি খতিয়ে দেখতে ধর্মতলা বাসস্ট্যান্ডে পৌঁছয় TV9 বাংলার প্রতিনিধি দল। সেখানে এক কর্মী কম্পিউটারে বুকিংয়ের তালিকা খুলে গোটা বিষয়টি দেখান। রাত ৮টার NBSTC-র কলকাতা থেকে শিলিগুড়িগামী বাসের টিকিটের হিসাব পরীক্ষা করে দেখা যায়, মাত্র দুটো আসন ফাঁকা রয়েছে। বাকি সব আসন বুক করা। একটি বুকিংয়ের তালিকায় দেখা যায়, একই সঙ্গে পাঁচজনের টিকিট কাটা হয়েছে, যার মোট দাম ১২৪৫ টাকা। অন্য একটি বুকিংয়ে ১০ জনের নাম থাকলেও জমা পড়া টাকার পরিমাণ শূন্য। আবার সাতটি টিকিট বুক করা হলেও সরকারের কোষাগারে জমা হয়েছে মাত্র ৩৪৩৫ টাকা।

এই ঘটনাকে ঘিরে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন অর্জুন সিং। তাঁর বক্তব্য, সংগঠিতভাবে এই কাজ করা হচ্ছে এবং এর পিছনে রয়েছে ‘সেকু-মাকু’দের পরিকল্পনা। তবে মন্ত্রীর এই অভিযোগ মানতে নারাজ সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁর পাল্টা দাবি, অর্জুন সিংয়ের উচিত নিজের দলের অন্দরের পরিস্থিতির দিকে নজর দেওয়া। বিশেষ করে কৌস্তভ বাগচীর সঙ্গে তাঁর রাজনৈতিক টানাপোড়েনের বিষয়টি উল্লেখ করে সায়নের প্রশ্ন, এই অন্তর্ঘাতের পিছনে অন্য কাউকে দায়ী করার আগে নিজের দলের বিষয়টি খতিয়ে দেখা উচিত নয় কি? তাঁর মতে, সরকারি ভর্তুকিতে চলা বাসে টিকিট কেটেও যাত্রীরা না এলে তার সঙ্গে সিপিএমের যোগ কোথায়?

আরও পড়ুনঃ দুর্দশায় বর্ষীয়ান অভিনেতা শঙ্কর ঘোষাল! রুদ্রনীলের আবেদনে সাড়া দিয়ে সাহায্যের উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অন্যদিকে, তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের দাবি, সরকারের ব্যর্থতা আড়াল করতেই এই ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে। তাঁর বক্তব্য, সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েক মাস কেটে গেলেও প্রত্যাশিত কাজ হয়নি। পরিবহন দফতরের আয় বাড়াতে না পেরে এখন ‘সেকু-মাকু’দের দিকে আঙুল তোলা হচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি। ফলে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যের টিকিট বুকিং নিয়ে একদিকে উঠছে আর্থিক অনিয়মের অভিযোগ, অন্যদিকে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মন্ত্রীর অভিযোগের পাল্টা জবাবে বিরোধীরা কী বলছেন, তা নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর