কলকাতা পৌরনিগমের দীর্ঘ ইতিহাসে নতুন সংযোজন। এই প্রথম পুরসভার কাউন্সিলর ক্লাবে জায়গা পেল বিনায়ক দামোদর সাভারকরের ছবি। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত কলকাতা পৌরনিগমে এর আগে কখনও সাভারকরের ছবি রাখা হয়নি। এবার তাঁর পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রানি লক্ষ্মীবাই, সর্দার বল্লভভাই প্যাটেল, ডঃ ভীমরাও আম্বেদকর এবং মহারানা প্রতাপ সিংহের ছবিও স্থান পেয়েছে কাউন্সিলর ক্লাবে।
রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন ক্ষেত্রে একাধিক নতুন উদ্যোগ চোখে পড়ছে। সেই আবহেই কলকাতা পৌরনিগমের কাউন্সিলর ক্লাবে এই নতুন ছবি সংযোজন ঘিরে শুরু হয়েছে আলোচনা। এতদিন সেখানে মূলত পুরসভার প্রয়াত কাউন্সিলরদের ছবি রাখা ছিল। তাঁদের মধ্যে রয়েছেন অজিত কুমার পাঁজা, রথীন দাস শর্মা, মিহির কুমার সাহা এবং অশোক বন্দ্যোপাধ্যায়ের মতো প্রাক্তন কাউন্সিলররা।
নতুন করে বিশিষ্ট ব্যক্তিত্বদের ছবি লাগানো হলেও পুরনো ছবিগুলি সরিয়ে দেওয়া হয়নি। আগের মতোই প্রয়াত কাউন্সিলরদের ছবিও সেখানে সাজিয়ে রাখা হয়েছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে সাভারকরের ছবি। বিশেষ করে সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ডঃ বি আর আম্বেদকরের ছবির পাশেই তাঁর ছবি রাখা হয়েছে। এই প্রথম কলকাতা পৌরনিগমের কোনও জায়গায় সাভারকরের ছবি স্থান পাওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।
এই ছবি সংযোজনকে কেন্দ্র করে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছেন বামপন্থীদের একাংশ। তাঁদের বক্তব্য, কলকাতা পৌরনিগমে সাভারকরের ছবি রাখা ঠিক হয়নি। পাল্টা জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর প্রশ্ন, সাভারকরের সঙ্গে কলকাতার সম্পর্ক নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁরা কি তাহলে লেনিন সরণির নামও বদলানোর দাবি জানাবেন? তাঁর মতে, লেনিন বা মাও সে তুংয়ের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও একই প্রশ্ন তোলা যেতে পারে।
আরও পড়ুনঃ প্রাইম টাইমেই চলবে ‘সাধক বামাক্ষ্যাপা’! বাংলা ছবি নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, তৈরি হবে ৫১টি নতুন সিনেমা হল
সজল ঘোষ আরও বলেন, চাউমিনের সঙ্গে পরিচিত হলেও অনেকেই হো চি মিনের নাম জানেন না। অথচ ভারতের স্বাধীনতার জন্য যিনি জীবনের দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন, তাঁকে নিয়ে এ ধরনের মন্তব্য করা দুর্ভাগ্যজনক। সাভারকরকে নিয়ে এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। সব মিলিয়ে কলকাতা পৌরনিগমের কাউন্সিলর ক্লাবে নতুন করে ছবি লাগানোকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা ক্রমশ বাড়ছে।






