‘সব সৎ লোক বিজেপিতে, আর সব চোরেরা বিরোধী দলে’, ভোটের মুখে বিজেপিকে বড় ‘সার্টিফিকেট’ প্রশান্ত কিশোরের, উঠল তৃণমূল প্রসঙ্গও

লোকসভা নির্বাচনের আগে রাজ্য তথা দেশের রাজনীতিতে নাটকীয়তার অন্ত নেই। ভোটের প্রাক্কালে আবগারি দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এই গ্রেফতারি কী দিল্লির ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলবে। এবার এই নিয়ে মুখ খুললেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।

দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে কী বললেন ভোট কুশলী?

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে প্রশান্ত কিশোরের বক্তব্য, “আজ সমাজে এমন একটা চিত্র তুলে ধরা হয়েছে যে কোনও নেতা বা ব্যক্তি যদি বিজেপির সঙ্গে যুক্ত না থাকেন, তাহলেই তাঁর বিরুদ্ধে অভিযান চালাবে ইডি-সিবিআই। আমি এটাও বলছি যে যারা দোষ করেছে, অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। এই তদন্ত নিয়ে জনগণের কোনও সমস্যা নেই। কিন্তু সমস্যা তখনই দেখা দিচ্ছে, যখন তদন্তাধীন ব্যক্তি বিজেপিতে যোগ দিচ্ছেন এবং তারপরই তাঁর বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে। এটা নিয়ে সাধারণ মানুষের আপত্তি”।

অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নানান বিরোধী দলগুলিই বারবার অভিযোগ করেছে যে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের কাজে ব্যবহার করছে। এই বিষয়ে প্রশান্ত কিশোরের মন্তব্য, “কেউ যদি দোষ করে থাকে এবং সরকার তদন্ত করতে চায়, তবে অবশ্যই তদন্ত হওয়া উচিত”।

তবে এই ঘটনায় বিজেপির ওয়াশিং মেশিন তত্ত্বও ফের তুলে ধরলেন প্রশান্ত কিশোর। তাঁর কথায়, “তদন্তকারী সংস্থাগুলিকে তদন্তের জন্য নয়, ভয় দেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে যাতে বিরোধীরা শাসকের সামনে দাঁড়াতে না পারে। এই ধরনের গণতন্ত্রের সবথেকে বড় সমস্যা হল যে কেউ আপনার বিরোধিতা করবে না”।

এরপরই বিজেপিকে কড়া আক্রমণ করে প্রশান্ত কিশোর বলেন, “আমি এই যুক্তি মেনে নিলাম যে সব সৎ লোক বিজেপিতে আছে, আর সব চোর বিরোধী দলে। সবথেকে বড় সমস্যা হল যে বিরোধী দলের যে নেতা বা মন্ত্রীর বিরুদ্ধে আপনি মামলা করছেন, সিবিআই, ইডি অভিযান চালাচ্ছেন, আগামিকাল তিনিই বিজেপিতে যোগ দিচ্ছেন। এবং তারপরই তিনি যদি সাধু হয়ে যান, সমস্যাটা সেখানেই। মানুষ এবং সমাজের এই বিষয়ে উদ্বিগ্ন হওয়া উচিত যে গতকাল পর্যন্ত যে ব্যক্তি আইনের দৃষ্টিতে দোষী ছিল, তদন্তের যোগ্য ছিল, তবে কেবল বিজেপিতে যোগ দিয়ে সে কীভাবে পরিষ্কার হয়ে যাবে”।

RELATED Articles