প্রাকৃতিক দুর্যোগের জেরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি। ভেঙেছে বাড়ি। মৃত্যু হয়েছে পাঁচজনের। আহতদের এদিন শিলিগুড়ি হাসপাতালে দেখতে যান তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকেই ফের একবার কেন্দ্র সরকারকে একহাত নিলেন তিনি।
গতকাল, রবিবার বিকেলে মিনি টর্নেডোর জেরে ছারখার হয়ে যায় জলপাইগুড়ি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়িতে। ভেঙে পড়েছে একাধিক ঘরবাড়ি। মৃত্যু হয়েছে পাঁচজনের। দুর্যোগের জেরে আহত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। আজ, সোমবার শিলিগুড়ি হাসপাতালে আহতদের দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই ক্ষয়ক্ষতির জন্য কেন্দ্র সরকারকেই কাঠগড়ায় তুললেন তিনি।
কী বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)?
শিলিগুড়ি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে গুরুতর অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বলেন, “এটা রাজনীতি করার মতো ঘটনা নয়। সেই জন্যই মুখ্যমন্ত্রী রাতে এসেছেন। রাজনীতি করতে চাইলে সকালে আসতেন। তা সত্ত্বেও কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছেন”।
অভিষেক (Abhishek Banerjee) আরও বলেন, “উত্তরবঙ্গে তৃণমূল পিছিয়ে ছিল গত নির্বাচনে। তা সত্ত্বেও কোনও কিছু না ভেবে ঘটনার খবর পাওয়া মাত্রই ছুটে এসেছেন তৃণমূল নেত্রী। কেউ কেউ দূরে বসে টুইট করেই দায় সারলেন”।
এরপরই এই দুর্যোগের ঘটনায় কেন্দ্র সরকারকে দায়ী করেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর কথায়, “আবাস যোজনার টাকা যদি পেত, তাহলে এই মানুষগুলির মাথায় ছাদ থাকত। এইভাবে বাড়ি ভেঙে হাসপাতালে ভর্তি হতে হত না। শিশুগুলোকে আকাশের নীচে থাকত হত না”।
তিনি এও বলেন, “আশা করি ঠিক হয়ে ওরা বাড়ি ফিরবে। এরা দিন আনা দিন খাওয়া পরিবার। সবার উপর ভরসা রাখতে বলেছি”। অভিষেকের (Abhishek Banerjee) কথায়, “প্রাকৃতিক দুর্যোগ কারও হাতে থাকে না। নিউরো স্পেশাল হাসপাতাল বলে এখানে নিয়ে আসা হয়েছে। এদের বাড়ি নেই। বাড়ি সংসার বিকল্প ব্যবস্থা হবে।প্রাণ চলে গেলে ফেরত আসে না। প্রাণে বাঁচলে আসতে আসতে সব হবে”।
অভিষেকের (Abhishek Banerjee) এই মন্তব্যের প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “আবাস যোজনার টাকা যদি আসত তাহলে এই বিপর্যয় দেখতে হত না কোনও ভাবেই। এর উপর মানুষের কোনও নিয়ন্ত্রণ নেই। গাছ উপড়ে গেছে। ওনারা বিপর্যয়ের মধ্যে রাজনীতি টেনে আনছেন। এখন মানুষের পাশে দাঁড়ানো দরকার। তাঁদের বাঁচানো দরকার”।





