করোনার মোকাবিলায় এ বার ৫০০ কোটি টাকার অর্থসাহায্য নিয়ে এগিয়ে এলেন রতন টাটা। শনিবার টুইটারে নিজেই এই ঘোষণা করেন রতন টাটা। তিনি লেখেন, ”মানবজাতি হিসাবে এই মুহূর্তে কোভিড-১৯ আমাদের সামনে সবচেয়ে বড় সঙ্কট। দেশের প্রয়োজনে টাটা ট্রাস্ট এবং টাটা গ্রুপ অব কোম্পানিজ আগেও এগিয়ে এসেছে। তবে এই মুহুর্তে প্রয়োজনটা অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি।”
টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে নিজের স্বাক্ষর করা একটি লিখিত বিবৃতিও প্রকাশ করেন রতন টাটা। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার সরঞ্জাম কিনতে, আক্রান্তের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাঁদের শ্বাসযন্ত্র পরীক্ষার সরঞ্জাম কিনতে, আরও বেশি করে ডাক্তারি পরীক্ষার সরঞ্জাম কিনতে, আক্রান্তদের জন্য উন্নত চিকিত্সা পরিকাঠামো গড়তে এবং এই ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের প্রশিক্ষণের ব্যবস্থা করা – মোট এই পাঁচটি খাতে এই ৫০০ কোটি টাকা খরচ করা হবে।
https://twitter.com/RNTata2000/status/1243852348637605888
অন্যদিকে দিল্লিতে আজ থেকে ৪ লক্ষ গৃহহীন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করল কেজরিওয়াল সরকার। তৈরি হল ২৩৮ নাইট শেলটার। লকডাউনে বিভিন্ন রাজ্যের গৃহহীন, ভবঘুরে মানুষ, ভিনরাজ্যের শ্রমিকদের জন্য থাকার জায়গা, খাবার, নিত্যপ্রয়োজনীয় জিনিস দিয়ে অস্থায়ী বন্দোবস্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে পৌঁছল নির্দেশিকা।






