করোনার আবহে অষ্টম শ্রেণি পর্যন্ত এবার রাজ্যের সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে, সিদ্ধান্ত রাজ্য সরকারের। এ বছর কোনও পড়ুয়াকে ক্লাসে আটকানো যাবে না। নবম থেকে দ্বাদশ পর্যন্ত প্রযুক্তির মাধ্যমে ক্লাসের ভাবনা। মুখ্যমন্ত্রীর নির্দেশে সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সম্প্রতি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে আবেদন করা হয় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র কাছে। সেই আবেদনের ভিত্তিতে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে সিবিএসই। সেখানে বলা হয়েছে, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সবাই পাশ। নবম ও একাদশ শ্রেণিতে অভ্যন্তরীণ মূল্যায়ন করতে পারে সংশ্লিষ্ট স্কুল। আরও জানানো হয়েছে দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা হবে ২৯টি মূল বিষয়ে। কোন ২৯টি বিষয়ে পরীক্ষা হবে তা সিবিএসই বোর্ডের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, আইআইটির প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ, জয়েন্ট অ্যাডভান্সের পরীক্ষাও আপাতত স্থগিত রাখা হয়েছে। ১৭ মে ওই পরীক্ষা হওয়ার কথা ছিল।






