এপ্রিলের শুরুতেই মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। গরমের দাবদাহ যেন বেড়েই চলেছে। বাতাসে আর্দ্রতা বাড়ছে এবং বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার জেরে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে শহরে।
এদিকে সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই কলকাতায় ৩৭ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। বৃষ্টি হলে অল্প কমার দিকে যেতে পারে। রাজ্যের অন্যান্য প্রান্তেও ক্রমবর্ধমান পারদ। মেদিনীপুরে ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াসে। সল্টলেকে ৩৭.৫, শ্রীনিকেতনে ৩৭.১, দমদম ৩৭.৭, ক্যানিংয়ে ৩৭.০, বাঁকুড়া ৩৯.০ ডিগ্রি সেলসিয়াস।
এই সময় হালকা বৃষ্টি মানুষকে হালকা স্বস্তি দিতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, হাওড়া ও দুই ২৪ পরগণায়। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা যে একেবারে নেই তাও বলছে না আলিপুর দপ্তর।






