‘দ্য বং গাই’-এর বিরুদ্ধে দায়ের করা হল মামলা।

সাংবাদিককে কুরুচিকর অপমান করার অভিযোগ, ‘দ্য বং গাই’-এর বিরুদ্ধে রুজু করা হল মামলা। লকডাউনে ঘরে বন্দি গোটা রাজ্য, তাই বাধ্য হয়েই সোশ্যাল মিডিয়ায় মানুষের উপস্থিতি বেড়েছে আগের থেকে অনেক বেশি। সেখানেই লকডাউনের পরিস্থিতি নিয়ে ছড়িয়ে পড়ছে হাস্যরসাত্মক মিম।

সম্প্রতি জনতা কারফিউতে একজন মধ্যবয়স্কের চা খেতে যাওয়াকে নিয়ে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায় মিম। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয় এই মানুষটিকে নিয়ে তৈরি বিভিন্ন মিম। তাঁর নাম হয়ে যায় ‘চা কাকু’। এরপরেই বাংলার একটি ওয়েব পোর্টাল এই মানুষটিকে খুঁজে তাকে নিয়ে খবর (ভিডিও স্টোরি) প্রকাশ করে। ট্রল করা মানুষটির নাম মৃদুল দেব। সেই প্রতিবেদনে দেখানো হয় যে বর্তমানে এই ব্যক্তির আর্থিক অবস্থা ভালো নয়। এই খবর প্রকাশ হতেই সেই পোর্টালের অফিসে যোগাযোগ করে অনেকে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

এই ঘটনাতেই হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন ‘দ্য বং গাই কিরণ দত্ত’। তিনি ওই ভিডিও স্টোরিতে ভয়েস ওভার দেওয়া বাংলা ওয়েব পোর্টালটির মহিলা সাংবাদিককে জঘন্য, ফুটেজখোর সাংবাদিক বলে উল্লেখ করেন। তিনি নাকি অভিনেতা অঙ্কুশকে তেল মারেন। এই ওয়েব পোর্টালটি ভিউজ বাড়ানোর জন্য এই স্টোরি করেছে, নিজেরা সাহায্য করেইনি। ওই মিমগুলো ‘চা কাকু’কে ব্যঙ্গ করার জন্য নয়, ওইগুলো নাকি ‘মিষ্টি’ মিম।

এরই পরিপ্রেক্ষিতে এবার কিরণ দত্ত-এর বিরুদ্ধে দায়ের করা হল মামলা। ওই ওয়েব পোর্টালের সম্পাদক গড়ফা থানায় এফ.আই.আর করে অভিযোগটি করেছেন। কিরণের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। লকডাউন উঠলেই কিরণের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হবে বলে এই পোর্টাল সূত্রে জানা গিয়েছে।

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা অনুদান করার ভিডিও করে অনেক মানুষের বিরাগভাজন হয়েছিলেন কিরণ। ট্রোল করেই নেটদুনিয়ায় জনপ্রিয় হয়েছেন কিরণ কিন্তু তার সকল কনটেন্ট যে উন্নতমানের নয় তা নিয়ে সরব অনেক নেটিজেনরা। উন্নতির শিখরে উঠে তিনি ‘ধরাকে সরা জ্ঞান’ করছেন বলেও অনেকে মনে করেন। এইবার সাংবাদিককে কুরুচিকর মন্তব্য করে মহাফাঁপরে পড়লেন ‘দ্য বং গাই’।

RELATED Articles

Leave a Comment