আর জি করে তরুণী চিকিৎসককে নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদে সরব গোটা রাজ্য-সহ দেশ। চারিদিকে উঠেছে প্রতিবাদের ধ্বনি। সকলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবীতে সরব সকলে। প্রতিবাদ মিছিল করা হচ্ছে নানান স্কুলের তরফে। রাস্তায় নামছেন পড়ুয়ারা। তবে এবার এই প্রতিবাদ করার জন্যই মৃত্যুর হুমকি পেতে হল স্কুল শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের। স্কুলে পড়ল হুমকি পোস্টার।
গত শনিবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া রেলবাজার ইংরেজি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। স্কুল প্রাঙ্গণ থেকে একটি মৌন মিছিল করেন তারা। তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবী জানান তারা। এরপর রবিবার ও সোমবার রাখি বন্ধন উপলক্ষ্যে বন্ধ ছিল স্কুল। কিন্তু মঙ্গলবার স্কুলে যেতেই রীতিমতো আঁতকে উঠলেন সকলে।
দেখা গেল, স্কুলের গেটের দেওয়ালে ও গেটে হুমকি পোস্টার লাগানো। তাতে লেখা, ‘প্রতিবাদের আর এক নাম মৃত্যু… আর জি কর মেডিক্যাল কলেজ’। এই পোস্টার দেখে স্বভাবতই সকলে বেশ আতঙ্কিত হয়ে পড়েন। স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে এমন হুমকি সত্ত্বেও তারা আন্দোলনের পথ থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন।
এক স্কুল পড়ুয়ার কথায়, “আর জি কর হাসপাতালে ডাক্তার দিদির উপর যে নির্মম অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আমরা ছাত্রছাত্রী, শিক্ষকরা শনিবার মিছিল করি। পরের দুই দিন স্কুল ছুটি ছিল। মঙ্গলবার সকালে এসে দেখি এই পোস্টার ফেলা হয়েছে। তবে এই পোস্টারে আমাদের ভয় দেখানো যাবে না। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে”।
স্কুল শিক্ষিকা চন্দ্রাণী লাহিড়ি বলেন, “প্রতিবাদ তো হবেই। গোটা দেশে প্রতিবাদ চলছে। সবাইকে সচেতন করতে গেলে রাস্তায় তো নামতেই হবে। স্কুল আমাদের সঙ্গে আছে। শিক্ষকেরা আমাদের সঙ্গে আছে। পোস্টারটা দেখেছি। প্রতিবাদ করলে হয়তো কারও অসুবিধা হচ্ছে। তাই এই পোস্টার দিয়েছেন”।






