করোনার প্রভাবে কার্যত স্তব্ধ হয়েছে গোটা দেশ। সময়ের সাথে সাথে সংক্রমন যেন বেড়েই চলেছে। এ রাজ্যেও সেই একই দৃশ্য ধরা পড়ল। তাই এবার সংক্রমন দমনে কিছু কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। এ পর্যন্ত রাজ্যের ৭টি জায়গাকে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। কারণ সেই সমস্ত জায়গাতেই করোনা সংক্রমন ব্যাপক পরিমাণে ছড়িয়েছে। এবার আরও একধাপ এগিয়ে রাজ্যের ৯-১০টি জায়গাকে কার্যত বিচ্ছিন্ন করার মাস্টার প্ল্যান তৈরী করতে চলেছে রাজ্য সরকার। এই জায়গাগুলিতে আগামী ১৪ দিনের জন্য চলবে সম্পূর্ণ লকডাউন পরিস্থিতি। শুক্রবার নবান্নের বৈঠকে একথা জানিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা। যদিও জায়গাগুলির নাম গতকাল প্রকাশ করা হয়নি। কিন্তু নবান্নের একটি সুত্র থেকে আমাদের কাছে এসে পৌছেছে সেই জায়গাগুলোর নাম। তাহলে দেখে নিন কোন কোন এলাকা এর আওতায় পড়তে চলেছে।
হটস্পটগুলি হল, কলকাতার কিছু জায়গা, সল্টলেকের একটা অংশ, দমদমের একটা অংশ, হাওড়ার একটা বড় অংশ, নদীয়ার একটা অংশ, উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণার একটা বড় অংশ, উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ারের একটা অংশ, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, এগরার একটা অংশ।
লকডাউনকে ১০০ শতাংশ কড়া করতে এই এলাকাগুলিকে কেন্দ্র করে ৫/৬ কিলোমিটার জুড়ে ক্লাস্টার তৈরি করা হচ্ছে। সরকারের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, এলাকাবাসীরা যাতে বাড়ির বাইরে না যান এবং বাইরে থেকে এলাকেতেও যেন কেউ না প্রবেশ করেন। এই সমস্ত এলাকায় পরবর্তী ১৪ দিনের জন্য ১০০% লকডাউন ঘোষণা করা হবে। এছাড়াও এই সব এলাকার সমস্ত বাসিন্দাদের র্যাপিড টেস্টও করা হবে।
এই এলাকার সমস্ত দোকান বাজার বন্ধ থাকবে এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রশাসনের তরফ থেকেই সরাসরি বাড়িতে পাঠানো হবে৷ ওষুধ-এরও হোম ডেলিভারির ব্যবস্থা করা হবে। এই সমস্ত এলাকার জন্য রাজ্য সরকার একটি মাস্টার প্ল্যান তৈরী করতে চলেছে।
প্রসঙ্গত, গতকাল অবধি রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা ১২। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মৃত্যুর সংখ্যা ৫। হোম কোরারেন্টিনেও নজরদারি চালাচ্ছে প্রশাসন।





