দেশজুড়ে চলা লকডাউনে বিপর্যস্ত জনজীবন। মধ্যবিত্তরা সামলে নিলেও লকডাউনে কাজ বন্ধ ঠিকা শ্রমিকদের। আর এরমধ্যেই পেটের টানে সহ্য করতে না পেরে পাঁচ সন্তানকে নিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিলেন মা। উত্তরপ্রদেশের ভাদহি জেলার জেহাঙ্গিরাবাদের ঘটনা।
রবিবার সকালে জেহাঙ্গিরাবাদের গঙ্গার ঘাটে ৫ সন্তানকে নিয়ে আসেন ওই মহিলা। তারপর তাদের ঠেলে ফেলে দেন গঙ্গার জলে। এর পর নিজেও ঝাঁপ দেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী ওই মহিলাকে উদ্ধার করতে পারলেও তাঁর সন্তানদের উদ্ধার করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে গ্রেফতার করে। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
পুলিশের জেরায় ওই মহিলা জানান তিনি ঠিকা শ্রমিকের কাজ করেন। আর এখন এই দেশজোড়া লক ডাউনের ফলে আয় পুরোপুরি বন্ধ। সেই কারণে ৫ সন্তানের খাবারের জোগান দিতে পারছিলেন না তিনি। এর পরেই তাদের গঙ্গায় ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তিনি।
ওই মহিলা মানসিক ভারসাম্যহীন কিনা সেটাওখতিয়ে দেখছে পুলিশ। এর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা সেই বিষয়ও তদন্ত করছে পুলিশ।






